সবচেয়ে কম দামী উইন্ডোজ ফোন, লুমিয়া ৫১০ এর ঘোষণা দিলো নোকিয়া

(প্রিয় টেক) নোকিয়া উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস বাজারজাত করছে বেশ অনেকদিন ধরেই। তবে অ্যাপ্লিকেশনের ঘাটতির পাশাপাশি আরেকটি সমস্যা হচ্ছে এসব ডিভাইসের দাম। দেখা গেছে, বেশিরভাগ উইন্ডোজ ফোন চালিত নোকিয়া লুমিয়া ডিভাইসের দামই অনেক বেশি। যারা দামের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও লুমিয়া ডিভাইস কিনতে পারছেন না, সেইসব ক্রেতাদের কথা চিন্তা করেই সম্প্রতি নোকিয়া ঘোষণা করেছে সবচেয়ে কম দামী নোকিয়া লুমিয়া ফোন, লুমিয়া ৫১০।

সূত্র জানিয়েছে, নোকিয়া লুমিয়া ৬১০ হ্যান্ডসেটের পরবর্তী সংস্করণ হিসেবে বাজারে আসবে লুমিয়া ৫১০। সংখ্যার দিক দিয়ে একটু উল্টো শোনালেও মাত্র ১৯৯ ডলারের এই ফোনে চলবে উইন্ডোজ ফোন ৭.৫। এটি অবশ্য অনেক ক্রেতার জন্য সুখকর নাও হতে পারে। উইন্ডোজ ফোন ৮-এর সময়ে উইন্ডোজ ফোন ৭.৫-কে ক্রেতারা কীভাবে নেবেন সেটাই এখন দেখার বিষয়। তবে নোকিয়া জানিয়েছে, কম দামে এন্ট্রি-লেভেল উইন্ডোজ ফোন আনতেই তারা নতুন এই ডিভাইস বাজারে আনছে।

নোকিয়া লুমিয়া ৫১০ উদ্বোধনের সময় নোকিয়া স্মার্ট ডিভাইসেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জো হারলো বলেছেন, নোকিয়া লুমিয়া ৫১০-এর মাধ্যমে আমরা স্বল্পমূল্যে স্মার্টফোন কিনতে আগ্রহীদের কাছে পৌঁছাচ্ছি। তিনি মন্তব্য করেন, যারা উইন্ডোজ ফোন ব্যবহার করেন, তারা দ্রুতই বুঝতে পারেন অন্যান্য স্মার্টফোন প্লাটফর্ম থেকে এটি কতোটা আলাদা ও সজ্ঞাত। আর নোকিয়া লুমিয়া ফোনগুলো হচ্ছে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের পারফেক্ট সঙ্গী।
প্রাথমিকভাবে উইন্ডোজ ফোন ৭.৫ চালিত ১৯৯ ডলারের লুমিয়া ৫১০ ভারত ও চীনে বাজারজাত করবে নোকিয়া। এ বছরের মধ্যেই এশিয়ার অন্যান্য দেশেও স্মার্টফোনটি পাওয়া যাবে বলে নোকিয়া জানিয়েছে। ভারতের বাজারে ফোনটির মূল্য ১১ হাজার রূপি নির্ধারণ করা হয়েছে।












