ভাইবার এখন সিম্বিয়ান, এস৪০ এবং বাদায়

(প্রিয় টেক) ভয়েপ-ওভার-৩জি অ্যাপ ভাইবার অ্যানড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অবকাঠামো জয় করার পর এখন এস ৪০, সিম্বিয়ান এবং বাদা অবকাঠামোকে জয় করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই মুহূর্তে এই অবকাঠামো ভিত্তিক অ্যাপের মাধ্যমে শুধুমাত্র বার্তা প্রেরণ করা সম্ভব।

নোকিয়ার এস ৪০ ওএসটি এখনো বিশ্বের ১.৫ বিলিয়ন ডিভাইসে ব্যবহৃত হয়। ভাইবার এই বিপুল সংখ্যক গ্রাহকের কাছে তার সেবাটি পৌঁছে দিতে আগ্রহী বলে জানিয়েছে।
প্রতিষ্ঠানটি অবশ্য এস ৪০, সিম্বিয়ান এবং বাদা বাদে উইন্ডোজ ফোন ৭ ভিত্তিক নোকিয়া লুমিয়া হ্যান্ডসেটের জন্য তাদের অ্যাপের সম্পূর্ণ নতুন একটি সংস্করণ বের করেছে। এই নতুন অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ব্যবহারকারীরা বিনামূল্যে এইচডি-মানের ফোন কল এবং গ্রুপ মেসেজিং করতে পারবে। এছাড়া বিনামূল্যে বার্তা এবং ছবি পাঠানোর সুবিধাতো থাকছেই।
প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা এই মুহূর্তে ১০০ মিলিয়ন ছেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভাইবার জানিয়েছে তাদের সিস্টেম ব্যবহার করে প্রতি মাসে ২ বিলিয়ন মিনিটেরও বেশি টেলিফোন কল এবং ৬ বিলিয়ন বার্তা প্রেরিত হয়।












