এক্সপেরিয়া সিরিজের ফ্ল্যাগশিপ মডেল টি সহ আরো দুটি নতুন স্মার্টফোনের ঘোষণা দিল সনি

(প্রিয় টেক) মিন্ট কোড নামে পরিচিত এই স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছুদিন আগে প্রিয় টেকের পাঠকদের পরিচয় ঘটেছে। এরই মধ্যে ভুলে গিয়েছেন! সেই যে ফোনটি যেটি যুক্তরাজ্যের তুখড় স্পাই জেমস বন্ড এবার তার নতুন মুভিতে ব্যবহার করবে, সেই ফোনের কথা আমি বলছি। সে সময় ফোনটি গুজব পর্যায়ে থাকলেও বার্লিনের আইএফএ ২০১২ মেলায় এক্সপেরিয়া টি নামের এই স্মার্টফোনটিকে সকলের সাথে পরিচয় করে দিলেন সনির প্রধান নির্বাহী কাজ হিরাই।

সেই সময় আমরা মডেলটির স্ক্রিনের আকৃতি ৪.৩" বললেও এখন এর আসল আকৃতিটা জানা গিয়েছে। ৪.৫৫" রেটিনা ডিসপ্লেতে রয়েছে ১২৮০X৭২০ পিক্সেল। আইসক্রিম স্যান্ডউইচ ভিত্তিক এই ফোনটির ওএস সনি জেলি বিনে আপডেট করার সুযোগ দিবে বলে জানিয়েছে।
১৩ মেগা পিক্সেল ক্যামেরা যাতে রয়েছে স্লিপ টু স্ন্যাপ সুবিধা। এই বৈশিষ্ট্যের কারণে স্লিপ মুড থেকে ক্যামেরা মুডে যেতে পারবেন সেকেন্ডের ব্যবধানে। এছাড়া ওয়ান টাচ এনএফসি প্রযুক্তি থাকার কারণে যে কোন সনি ডিভাইসের সাথে ট্যাপের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবেন।

ফোনটির সাথে প্রসেসর হিসেবে পাচ্ছেন দ্বৈত-কোর বিশিষ্ট ১.৫ গিগাহার্জ গতির কোয়ালকম এমএসএম৮২৬০এ স্ন্যাপড্রাগন এস ফোর প্রসেসর, পেন্টাব্যান্ডের ইউএমটিএস/এইচএসপিএ+ রেডিও, ৭২০ পি ভিডিও করতে সক্ষম এমন একটি ক্যামেরা, এমএইচএল সংযোগব্যবস্থা, এফএম রেডিও, ১৬ গিগাবাইট আভ্যন্তরীণ স্টোরেজ, এবং ১৮৫০ এমএএইচ ক্ষমতা সম্মত ব্যাটারি।
সনি জানিয়েছে এক্সপেরিয়া টি বিশ্বের কিছু কিছু বাজারে টিএক্স নামে পরিচিত হবে এবং আগামী বেশ কিছু দিনের মধ্যে ফোনটি বিশ্ব বাজারে পাওয়া যাবে। মূল্য সম্পর্কে কোন ধারণা দেয় নি সনি।

এক্সপেরিয়া টি ছাড়াও সনি আইএফএ ২০১২তে এক্সপেরিয়া সিরিজে ভি এবং জে নামে আরো দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে।
এক্সপেরিয়া ভি:
চতুর্থ প্রজন্মের প্রযুক্তি নিয়ে আসবে সনির এই এক্সপেরিয়া। উচ্চ-পানিরোধক এই ফোনটিতে রয়েছে দ্বৈত কোর বিশিষ্ট কোয়ালকম ১.৫ গিগাহার্জের প্রসেসর, ৪.৩" ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
এক্সপেরিয়া জে:
বাজেট ধর্মী এই স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৪", রয়েছে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা এবং এক গিগাহার্জের প্রসেসর।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |


















