নতুন লুমিয়া নিয়ে একটু বেশিই আশাবাদী নোকিয়া

A.I.Sajib's picture

(প্রিয় টেক) নোকিয়া তাদের স্মার্টফোন সিরিজ লুমিয়ার নতুন সেটের ঘোষণা দিতে যাচ্ছে আগামী ৫ই সেপ্টেম্বর। সংবাদমাধ্যমগুলোকে তাদের নতুন লুমিয়া ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণের কাজও শেষ। সবাই যখন নোকিয়ার অনুষ্ঠান নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তা স্যামসাংকে 'দেখে রাখতে' বললেন টুইটারে।

নোকিয়ার বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ওয়েবার টুইটারে স্যামসাংকে উদ্দেশ্য করে বলেন, "স্যামসাং লিখে রাখ, আগামী প্রজন্মের লুমিয়ার আবির্ভাব খুব শীগ্রই হবে। #nokia" তবে "টেক নোট" বলে নোট করে রাখা বোঝালেও অনেক প্রযুক্তি বিষয়ক সাইটই এর সঙ্গে স্যামসাং-এর নতুন গ্যালাক্সি নোট ১০.১-এর সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছে।

নোকিয়ার নতুন লুমিয়া সেট সম্পর্কে খুব একটা বেশি তথ্য জানা যায়নি। ম্যাশেবল- এর মতে, সেটটির অন্যতম প্রধান আকর্ষণ এটি উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমে চলছে। এছাড়াও এতে রয়েছে আরও দ্রুতগতির প্রসেসর, উচ্চ রেজুলেশনের স্ক্রিন, নেয়ার-ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি এবং স্কাইপের মতো ভিওআইপি সেবা।

নতুন লুমিয়া হ্যান্ডসেটের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হবে এর নতুন হোম স্ক্রিন। জানা গেছে, এতে তিনটি ভিন্ন আকারের টাইল দেয়া রয়েছে যাতে ব্যবহারকারীরা বিভিন্ন উইজেটের আকার নিজের পছন্দমতো নির্ধারণ করে নিতে পারেন। ফলে কারো আবহাওয়া বিষয়ক উইজেটটি বেশি প্রয়োজন হলে তিনি এটি অনেক বড় আকারের করে রাখতে পারবেন আবার কম প্রয়োজনীয় উইজেটগুলোকে আকারে ছোট করে রাখতে পারবেন।

নোকিয়া এবং উইন্ডোজ ফোনের ভক্তরা এখন অধীর আগ্রহে ৫ই সেপ্টেম্বরের অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছেন।