এক্সপেরিয়া ব্র্যান্ডে নতুন দুটি হ্যান্ডসেট বের করতে চলেছে সনি

PriyoTech's picture

(প্রিয় টেক) এক্সপেরিয়া সিরিজের সাথে নতুন দুটি স্মার্টফোন যুক্ত করতে চলেছে সনি। ফোন দুইটি এক্সপেরিয়া হায়াবুজা এবং এক্সপেরিয়া মিন্ট কোড নামে পরিচিত হলেও বাজারজাত করার সময় এক্সপেরিয়া টিএক্স এবং এক্সপেরিয়া টি হিসেবে নতুন নামকরণ করা হবে বলে জানা গিয়েছে। আর এর একটি সংস্করণ এবার ব্যবহার করবে যুক্তরাজ্যের তুখড় স্পাই জেমস বন্ড।

বন্ড তার নতুন মুভি 'স্কাইফলে' সনি এক্সপেরিয়া টি সংস্করণটি ব্যবহার করবে বলে জানা গিয়েছে। ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কোন ঘোষণা না দেয়া হলেও বিভিন্ন প্রযুক্তি সাইট থেকে জানা গিয়েছে 'টি' মডেলটিতে রয়েছে ৪.৩" ৭২০ পি (১২৮০X৭২০) এইচডি স্ক্রিন, ১৬ গিগাবাইট আভ্যন্তরীণ স্টোরেজ, দ্বৈত-কোর বিশিষ্ট ১.৫ গিগাহার্জ গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর প্রসেসর এবং এক গিগাবাইট র‍্যাম।

এক্সপেরিয়া টিএক্স এ রয়েছে ৪.৬" ৭২০ পি এলসিডি স্পর্শপর্দা, সাথে থাকছে সনির বিখ্যাত ব্রাভিয়া মোবাইল প্রযুক্তি, এই মোবাইলটির শক্তি যোগানোর জন্য রয়েছে একই ১.৫ গিগাহার্জ প্রসেসর। আর্ক ডিজাইনের এই ফোনটি মাত্র ৮.৬ মিমি থিক।

দুটো হ্যান্ডসেটেই রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং অ্যানড্রয়েড ৪.০ আইস ক্রিম স্যান্ডউইচ। তবে টিএক্স এর আভ্যন্তরীণ স্টোরেজ ৩২ গিগাবাইট বলে ধারণা করছে অনেক প্রযুক্তি সাইট।