সেপ্টেম্বরে নোকিয়া তার উইন্ডোজ ৮ ভিত্তিক লুমিয়ার ঘোষণা দিবে!

(প্রিয় টেক) অ্যাপলের আগেই নোকিয়া তার নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে চায়। ১২ সেপ্টেম্বর অ্যাপল তার নতুন আইফোন ফাইভ ঘোষণা দিতে পারে কিন্তু তার আগেই নোকিয়া উইন্ডোজ এইট ভিত্তিক লুমিয়া হ্যান্ডসেটের ঘোষণা দিতে চায় বলে জানা গিয়েছে। পিসি ওয়ার্ল্ড জানিয়েছে নোকিয়া নতুন হ্যান্ডসেটের ঘোষণা অ্যাপলের ঘোষণার এক সপ্তাহ আগে প্রদান করবে।

ঘটনা যদি সত্যি হয় তাহলে অ্যাপলের আইফোন উন্মোচনের পূর্বে এটা হবে দ্বিতীয় মেজর হ্যান্ডসেট উন্মোচনের ঘোষণা। ধারণা করা যাচ্ছে স্যামসাং তার গ্যালাক্সি নোট ফ্যাবলেট উন্মোচন করবে ২৯ আগস্ট। ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর ৫ এবং ৬ তারিখে হেলসিঙ্কিতে অনুষ্ঠিতব্য নোকিয়া ওয়ার্ল্ড ইভেন্টে প্রতিষ্ঠানটি তার নতুন হ্যান্ডসেট উন্মোচনের ঘোষণা দিবে।
নোকিয়া এক সময় সর্বাধিক স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইসের চাইতে অনেক পিছিয়ে পরেছে। গত এপ্রিল থেকে জুনের মাঝে প্রতিষ্ঠানটি ৪ মিলিয়ন হ্যান্ডসেট বাজারজাত করে যেখানে সেই একই সময় অ্যাপল করে ২৬ মিলিয়ন।
নোকিয়া হ্যান্ডসেট অন্যদের চাইতে খারাপ বা পিছিয়ে রয়েছে এমন নয় কিন্তু সমস্যা হচ্ছে বিজ্ঞাপন। মোবাইল বিক্রেতারা নোকিয়ার হ্যান্ডসেটগুলোকে প্রমোট করতে দেখা যায় না। সম্প্রতি ব্লুমবার্গ জানিয়েছে নিউ ইয়র্ক সিটর এটিঅ্যান্ডটি স্টোরে গ্রাহক হিসেবে প্রবেশ করার পর তারা লক্ষ্য করেছে যে প্রতিষ্ঠানটি লুমিয়া হ্যান্ডসেটগুলোকে ডিসপ্লেতেই রাখেনি। হ্যান্ডসেটটি বিক্রয়ের ব্যাপারে খুচরা বিক্রেতাদের এই অনাগ্রহ নোকিয়ার জন্য ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছে ব্লুমবার্গ, এমনকি পিসি ওয়ার্ল্ডও নোকিয়ার এই সমস্যা তার এক প্রতিবেদনে তুলে ধরে।
আর তাই পিসিওয়ার্ল্ড মনে করছে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন বের করার পূর্বে নোকিয়ার উচিত হবে মোবাইল ক্যারিয়ার এবং পরিবেশকদের মন জয় করা। অবশ্য সেপ্টেম্বরে হেলসিঙ্কিতে অনুষ্ঠিতব্য সম্মেলনটি শুধুমাত্র অপারেটর এবং পরিবেশকদের জন্যই নির্দিষ্ট। ধরে নেয়া যেতে পারে এ সময় নোকিয়া তাদের সর্বাত্মকভাবে খুশী করার চেষ্টা করবে।












