মাত্র ৫০ ডলারে নেমে এসেছে নোকিয়া লুমিয়া ৯০০ উইন্ডোজ ফোনের দাম!

অবিশ্বাস্য হলেও এই ঘটনাই সত্য! নোকিয়ার নতুন স্মার্টফোন লুমিয়া ৯০০ মাত্র ৫০ ডলার মূল্যে পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে। মোবাইল পরিচালক সংস্থা এটিঅ্যান্ডটি'র সঙ্গে দুই বছরের চুক্তিতে এই স্মার্টফোনে ব্যবহারকারীরা পাবেন উইন্ডোজ ফোন ৭-এর স্বাদ।
কিন্তু মজার বিষয় হচ্ছে, গিজমোডোর মতো প্রযুক্তি ওয়েবসাইটগুলো এরপরও ব্যবহারকারীদের লুমিয়া ৯০০ না কেনার পরামর্শ দিয়েছেন। কেননা, ৫০ ডলারে এই হ্যান্ডসেট অকারণে দিচ্ছে না নোকিয়া।

গিজমোডোর মতে, নোকিয়া লুমিয়া ৯০০ হ্যান্ডসেটে উইন্ডোজ ফোন ৮-এ আপগ্রেড করা যাবে না। অথচ পুরো স্মার্টফোন দুনিয়া এখন প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছে। অ্যানড্রয়েড তাদের আইসক্রিম স্যান্ডউইচ পুরোপুরি চালু হতে না হতেই নিয়ে এসেছে জেলি বিন। আইওএস নিয়মিত আপডেট করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, নোকিয়া লুমিয়া ৯০০-এ যেই উইন্ডোজ ফোন ৭ অপারেটিং সিস্টেম দেয়া আছে, সেই অপারেটিং সিস্টেমের নির্মাতারাই এখন ব্যস্ত উইন্ডোজ ৮ নিয়ে। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে, নতুন হলেও প্রযুক্তিগত ভাবে শুরু থেকেই পিছিয়ে পড়ছে নোকিয়া লুমিয়া ৯০০। আর সম্ভবত এ জন্যই যত বেশি সম্ভব ইউনিট বিক্রির চাল চেলেছে নোকিয়া।
এ বিষয়ে গিজমোডোর পরামর্শ হলো, এ বছরের শেষের দিকে নতুন অনেক স্মার্টফোন বাজারে আসবে। বিশেষ করে সনি এরিকসন এক্সপেরিয়ার বিভিন্ন দামের স্মার্টফোন ইতিমধ্যেই বাজারে এসেছে ও আসছে। তাই এখনই নোকিয়া লুমিয়া ৯০০ কেনা উচিৎ হবে না। এমনকি আপনি যদি উইন্ডোজ ফোনের ভক্ত হন এবং কেবল উইন্ডোজ ফোনই কিনবেন এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবুও না। উইন্ডোজ ফোন চালিত হ্যান্ডসেটও আনছে এইচটিসি ও স্যামসাং। তবে উইন্ডোজ ফোন ৮-এর জন্য অপেক্ষা করতেই পরামর্শ দিয়েছেন তারা। এছাড়াও ঐ প্রতিবেদনে অনেকে নোকিয়া লুমিয়া ৯০০ এবং উইন্ডোজ ফোন সফটওয়্যার নিয়ে তাদের হতাশার কথাও ব্যক্ত করেছেন।
কাজেই, উচ্চ ক্ষমতা সম্পন্ন স্মার্টফোন কেনার ইচ্ছে থাকলে এবং সেই ইচ্ছে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমকে ঘিরে থাকলেও নোকিয়া লুমিয়া ৯০০ কিনলে হয়তো পরে পস্তাতে হতে পারে।











