আইবিএমের উদ্দীপিত বাস্তবতা প্রযুক্তির শপিং অ্যাপ্লিকেশন

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার, থিঙ্কপ্যাড নামক শ্রেষ্ঠ ল্যাপটপ এবং কিবোর্ড ক্ষেত্রে ট্যাংক হিসেবে পরিচিত মডেল এম নামক কিবোর্ড নির্মাতা আইবিএম আজ তার সর্বশেষ কনজ্যুমার ডেভেলপমেন্ট পণ্যকে সকলের সামনে তুলে ধরলো: মোবাইল শপিং অ্যাপ্লিকেশন।

সিদ্ধান্তটি অদ্ভুত বলে মনে হলেও অ্যাপটি অন্যান্য শপিং অ্যাপের থেকে একটু আলাদা। 'বিগ ব্লু'র উদ্ভাবনী মেধার কর্মীরা উদ্দীপিত বাস্তবতা প্রযুক্তির সাথে আপনার প্রতিদিন বাজার করার অভিজ্ঞতাকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে। ধারণাটি অবশ্য এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভোক্তা দোকানের যে কোন পণ্যের উপর তার স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটি এই পণ্যগুলোকে চিনে নিবে এবং পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য আইবিএম এর সার্ভার থেকে ডাউনলোড করে দেখাবে। এছাড়া জানতে পারবে সম-মানের অন্য প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে তথ্য এবং মূল্য এবং দোকানের কোথায় রয়েছে সে সম্পর্কে তথ্য।

আইবিএম জানিয়েছে, পণ্য সম্পর্কে ঠিক কোন ধরণের তথ্য ভোক্তা পেতে চায় তা আগে থেকে অ্যাপের তালিকা থেকে নির্দেশ করা যাবে। অ্যাপটি ভোক্তাকে দিবে অ্যালার্জি, শর্করার পরিমাণ, লবণের পরিমাণ, স্থানীয় পণ্য এবং পণ্যের প্যাকেটটি পরিবেশ বান্ধব কিনা ইত্যাদি তথ্য নির্ধারণ করার সুবিধা।

পরবর্তীতে রিটেইলারের সহায়তায় আইবিএম অ্যাপটিতে মূল্যছাড় এবং অন্যান্য লয়ালটি স্কিমগুলো সংযোজিত করবে বলে জানিয়েছে। অ্যাপটি ভোক্তাকে সহায়তা করার সাথে সাথে রিটেইলারদেরকেও সহায়তা করবে। অ্যাপটির মাধ্যমে বিক্রেতা পণ্য নির্বাচনের সময় ক্রেতার সাথে ইন্টার‍্যাক্ট করতে পারবে এবং কোন পণ্য কোথায় রাখলে গ্রাহক খুশী হবে সেটাও নির্ধারণ করতে পারবে।