সিরির ভাষ্যে বিশ্বের সেরা ফোন লুমিয়া ৯০০

(প্রিয় টেক) অ্যাপলের ভয়েস রিকগনিশন সফটওয়্যার "সিরি"র সাথে আপনাদের পরিচয় এতদিনে নিশ্চয় হয়ে গিয়েছে। এই অ্যাপটির মাধ্যমে অ্যাপল এমন একটি সিস্টেম তৈরি করার চেষ্টা করেছে যা আপনার সাথে মানুষ হিসেবে মিথস্ক্রিয়া (ইন্টার্যাক্ট) করবে। মানবিক গুণ দিতে গিয়ে অ্যাপল মনে হয় অ্যাপল কর্মীদের চাইতেও সিরিকে একটু বেশি মানবিক করে ফেলেছে।

জানা গিয়েছে, এই ডিজিটাল সহকারীকে যদি জিজ্ঞাসা করা হয়, "আজ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো স্মার্টফোন কোনটি?" উত্তর, "উইন্ডোজ ফোন নির্ভর নোকিয়া লুমিয়া ৯০০"।
ফলাফলটি চিত্তাকর্ষক। প্রথমে স্টিভ ওজনিয়াক আর এবার সিরি, অ্যাপলের কপাল খারাপ বলতে হবে। না, জবাবে কোন কারসাজী করা হয় নি, বরং উত্তরটি পাবার জন্য সিরি প্রশ্নটির ব্যাখ্যা প্রথমে তৈরি করে। প্রশ্নটি অনুধাবনের পর, সিরি মোবাইল ব্যবহারকারীদের পর্যালোচনার গড় বের করার মাধ্যমে একটি তালিকা তৈরি করে। লুমিয়া ৯০০ এই মুহূর্তে ব্যবহারকারীদের পর্যালোচনায় পাঁচ তারকা প্রাপ্ত একটি ফোন।
তবে এই হিসেবে একটি কিন্তু রয়েছে, যেহেতু ব্যবসায়িক ভাবে ফোনটি খুব একটা সাফল্য পায় নি সেহেতু এর ব্যবহারকারীর সংখ্যা কম। আর তাই আইফোন ফোরএস এর মত জনপ্রিয় সেটের চাইতে আরও সহজে এই ফোনটি পাঁচ তারকা পেয়েছে।
যাই হোকনা কেন, অ্যাপলের অ্যাপ সিরি, ব্যবহারকারীকে বলছে তার ব্যবহৃত ফোন অপেক্ষা অন্য ফোনটি সেরা। ঘটনাটি স্নো হোয়াইট রূপকথার সেই সত্য ভাষ্য প্রদানকারী জাদুর আয়নার কথা মনে করিয়ে দেয়, তাই না?














