পুরনো ব্যবহাকারীদের পুরস্কৃত করলো কিউবি

(প্রিয় টেক) তিন বছরে পা রাখল দেশের ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। এ উপলক্ষে ৩ বছর বা তার চেয়েও বেশি সময় জুড়ে একটানা প্রতিষ্ঠানটির সেবা গ্রহণ করে আসছে এমন ব্যবহারকারীদেরকে বিশেষভাবে পুরস্কৃত করল প্রতিষ্ঠানটি।

৫০ জন গ্রাহক প্রতিষ্ঠানটির সেবা একটানা গ্রহণ করে আসছে বলে উল্লেখ করেছে কিউবি। এই সকল গ্রাহকদের বাড়িতে গিয়ে তাদের প্রত্যেকের হাতে বিশেষ গিফট হ্যামপার ও পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল ব্যবহারকারীদের বাড়িতে বিনামূল্যে কিউবি ওয়াইফাই ইনস্টলেশন এবং বিনামূল্যে মডেম পরিবর্তন অথবা বাড়তি মডেম ট্যাগ।
এ ছাড়াও যেসব কিউবি ব্যবহারকারী দুই বছর বা তারও বেশি সময়জুড়ে প্রতিষ্ঠানটির সেবা গ্রহণ করছে তাদেরকে কিউবি এইস ক্লাবের সদস্য পদ দেয়া হয়েছে। এটি বিশেষ একটি সেবা কার্যক্রম। যার মাধ্যমে বিশেষ এবং সক্রিয় কিউবি ব্যবহারকারীরা বিশেষ গ্রাহক সেবা, বিশেষ হটলাইন, মাস জুড়ে বিল পরিশোধের সুবিধা ছাড়াও অন্য সব সেবা উপভোগ করতে পারবেন।
কিউবির মাসিক প্যাকেজ ব্যবহারকারীদের প্রতিমাসের ১২ তারিখে বিল পরিশোধ করতে হয়। এইস ক্লাব সদস্যরা মাসের যেকোনো সময় বিল পরিশোধ করতে পারবেন। এ ক্লাবের সদস্যরা আরো নানা ধরনের সেবা ভবিষ্যতে উপভোগ করতে পারবেন বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।
এ বিশেষ মুহূর্তে কিউবি তার সবচেয়ে পুরনো ও বেশি বিল প্রদানকারী গ্রাহকদেরকে ম্যাকবুক এয়ার ও আইপড ২ উপহার দিচ্ছে।
কিউবির প্রধান নির্বাহী ফয়সাল হায়দার বলেন, কিউবি বরাবরই তার গ্রাহকদের আলাদাভাবে সম্মান জানিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এইস ক্লাবের যাত্রা সবে শুরু। কিউবির গ্রাহকেরা দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে আছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছি। আর তাই এ আয়োজন।













