উবুন্টু ১২.১০ প্রকাশনা উৎসব

PriyoTech's picture

(প্রিয় টেক) উবুন্টুর নতুন সংস্করণ বের হবার সাথে সাথে বিশ্বের প্রায় প্রতিটি দেশের উবুন্টু ব্যবহারকারীরা আনন্দ আয়োজনের মাধ্যমে একে স্বাগত জানায়। এই বছরে পুরো বিশ্বের উবুন্টু ব্যবহারকারীদের সাথে বাংলাদেশের সাধারণ ব্যবহারকারীগণ ও উবুন্টুপ্রেমীদের সামগ্রিক অংশগ্রহণে ১৯ অক্টোবর এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল "উবুন্টু ১২.১০ রিলিজ পার্টি, বাংলাদেশ"।

আয়োজক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রফেসর ডাঃ ইউসুফ এম ইসলাম। এটি সমন্বয় করেছেন আশিকুর রহমান নূর। সহকারী হিসেবে ছিলেন শরীফ আহমেদ মল্লিক এবং হাসান সাঈদ মুন্না। এছাড়াও আয়োজনে সব ধরনের সহযোগীতা দিয়েছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিকাল ৪টা থেকে সন্ধ্যে সাড়ে ৬টা ব্যাপী এই আয়োজনে ষাটোধিক ব্যবহারকারীদের আড্ডা ছিলো জমজমাট। প্রথমেই কেক কেটে উদযাপন করা হয় নতুন উবুন্টু সংস্করণ ১২.১০ এর মুক্তির আনন্দকে। সবার সাথে সবার পরিচিতি, উবুন্টু কি এবং কেন উবুন্টু ব্যবহার করব এ নিয়ে আলোচনা, ভবিষ্যৎ প্রযুক্তি “উবুন্টু ফর অ্যানড্রয়েড” নিয়ে আলোচনা, ওপেন সোর্স ত্রিমাত্রিক অ্যানিমেশন সফটওয়্যার “ব্লেন্ডার” দিয়ে তৈরি করা ওপেন সোর্স চলচিত্র “Tears of Stell” এর প্রদর্শনী, ব্লেন্ডার নিয়ে কিছু আলোচনা এবং উবুন্টু ১২.১০ এর নতুন যুক্ত হওয়া পরিসেবাগুলো নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী আর জমজমাট আড্ডা চলে টানা সন্ধ্যে সাড়ে ৬টা ব্যাপী।

আয়োজনে সাধারণ ব্যবহারকারী এবং আগ্রহীজনদের ল্যাপটপ/নেটবুক/নোটবুক এ উবুন্টু'র নতুন সংস্করণটি ইন্সটল এবং ব্যবহার সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে ছিলো "উবুন্টু ইনস্টলেশন এবং ব্যবহার সহযোগীতা সেবা" বুথ এবং একই সাথে উবুন্টু ১২.১০ এবং উবুন্টুর ১২.১০ উপর তৈরি করা বিভিন্ন ভ্যারিয়েন্ট আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহের ব্যবস্থা।

Tags: