ফেসবুকে খাবারের ছবি তোলার প্রতিযোগিতা

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে বিভিন্ন খাবারের ছবি তোলার এক প্রতিযোগিতা শুরু হয়েছে। এ আয়োজন করেছে ফেসবুক পেজ ঢাকা ফুডিস।

প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে পেজের অন্যতম উদ্যোক্তা আশিকুর রহমান বলেন, চলতি বছরের জুন মাস থেকে চালু হয়েছে ঢাকা ফুডিস। এতে ভোজনরসিকেরা বিভিন্ন খাবারের বর্ণনা লেখেন এবং সে খাবারের নানা বিষয় তুলে ধরেন।
তিনি আরো বলেন, এখানে খাবারের খবরের পাশাপাশি জানা যাবে বিভিন্ন রেস্টুরেন্টের খবরও। এ ছাড়া এখানে আগ্রহী যে কেউ নির্দিষ্ট কোনো খাবার কিংবা কোথায় পাওয়া যাবে, সে বিষয়ে কোনো কিছু জানতে চাইলে সহজে পেতে পারেন এর উত্তর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার নানা ধরনের খাবারের পাশাপাশি এতে আছে ‘ঢাকার বাইরে’, ‘পুরনো ঢাকার খাবার’ ইত্যাদি নামে আলাদা বিভাগও। বর্তমানে পেজটিতে প্রায় ১১ হাজার লাইক রয়েছে, যা দিনে দিনে বাড়ছে।
সম্প্রতি এ পেজের উদ্যোগে চালু হয়েছে ‘ফুডোগ্রাফি’ শীর্ষক ছবি প্রতিযোগিতা। এতে আগ্রহী ব্যক্তিরা বিভিন্ন খাবারের ছবি যোগ করতে পারবেন। বিজয়ী পাবেন মোবাইল ফোন, ক্যামেরাসহ নানা পুরস্কার।
প্রতিযোগিতা শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৬০০ ছবি ইতিমধ্যে জমা পড়েছে। প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। তথ্যসহ খাবারের ছবি ই-মেইল করতে হবে dhakafoodiesmail@gmail.com ঠিকানায়।
বিচারকদের নম্বর এবং ফেসবুক লাইকের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে এ প্রতিযোগিতায়।বিজয়ীদের ছবি দিয়ে বিশেষ ছবি প্রদর্শনীর আয়োজন করা হবে নভেম্বরে।








