ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সরাসরি গুগলের চাকুরীর পরীক্ষা অনুষ্ঠিত

PriyoTech's picture

(প্রিয় টেক) তিনটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি গুগলের প্রকৌশলী নিয়োগের অংশ হিসেবে গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়েছেন গুগলের কর্মকর্তারা।

বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে (সিএসই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময়ে গুগল কর্মকর্তারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক রেজাউল করিম, হাফিজ মো. হাসান, সহযোগী অধ্যাপক সাব্বির আহমেদ, সৈয়দ ফয়সাল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেলা ১১টা ৪৫ মিনিটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান (ইইসিএস) বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময়ে গুগলের ইউনিভার্সিটি রিলেশন ইউনিটের কর্মকর্তারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার, ইইসিএস বিভাগের চেয়ারম্যান আবদুল আউয়াল উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুগলের এ কার্যক্রমে নির্বাচিত যোগ্য প্রার্থীদের গুগল যুক্তরাষ্ট্রে চাকরির জন্য পাঠানো হবে।

বাংলাদেশে তিনটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি গুগলের প্রকৌশলী নিয়োগ সম্পর্কে জানতে চাইলে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ জানান এটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি সুযোগ। আশা করি এই সুযোগ তারা কাজে লাগাবে। পরিক্ষার ধরন কেমন ছিলো এই বিষয় মোহাম্মদ কায়কোবাদ জানান, প্রশ্নপত্র কঠিন হয়নি। আমাদের পরীক্ষার্থীদের এসব পারা উচিত।
নির্বাচনী পরীক্ষার মাধ্যমে কতজনকে নিয়োগ দেয়া হবে জানতে চাইলে গুগল ইন্ডিয়ার কর্মকর্তা অশ্বিনী শর্মা বলেন, “বাংলাদেশ থেকে কতজন নেব তা আমরা আগে থেকে ঠিক করে আসিনি। যোগ্যতম যতজন পাওয়া যাবে সবাইকে নিতে চায় গুগল।

অবশ্য নাম গোপন রাখার শর্তে অপর এক কর্মকর্তা এ সংখ্যা প্রায় দেড় শতাধিক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ থেকে পরীক্ষা গ্রহণের মাধ্যমে ‘নুগলার’খোঁজার মিশনে নেমেছে গুগলটিম। যোগ্য হলে বাংলাদেশ থেকে অন্তত ১৫০ জন প্রকৌশলী নেয়া হবে।

বাংলাদেশে তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা গুগলের ভারতের অফিসে দেখা হবে। এক সপ্তাহের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হতে পারে। ভারত থেকে প্রতিনিধি দল এসে অথবা ভারতে গুগল অফিসে পরিক্ষায় ভালে করা শিক্ষার্থীদের ভাইভা পরিক্ষা হতে পারে।