কুমিল্লায় শুরু হয়েছে বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১২

(প্রিয় টেক) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৯ অক্টোবর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কুমিল্লার সর্ববৃহৎ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির মেলা ‘বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১২’। কম্পিউটার সমিতির কুমিল্লা শাখার এই মেলার আয়োজন করছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন সর্বত্র ডিজিটাল আবহ তৈরি হচ্ছে।
কুমিল্লায় তথ্যপ্রযুক্তি নিয়ে এ ধরনের বিশেষায়িত আয়োজন সত্যিই অনুপ্রেরণার। সরকারের ভিশন বাস্তবায়নে তথা ডিজিটাল বাংলাদেশেরই একটি মঞ্চায়ন হচ্ছে এই প্রদর্শনী। তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির প্রদর্শনীর মাধ্যমে বিশেষ করে তরুণ শিক্ষার্থী যারা প্রযুক্তির ঘনিষ্ঠতাকে উপভোগ করেন তাদের জন্য বিশেষ একটি উপলক্ষ বয়ে আনবে। কুমিল্লার জনমানুষকে আরও বেশি করে তথ্যপ্রযুক্তি সচেতন করে তুলতে বিসিএস-কুমিল্লা শাখার এই আয়োজন নি:সন্দেহে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি।
বাংলাদেশ কম্পিউটার সমিতি, কুমিল্লা শাখার সেক্রেটারী মু. মজিবুর রহমান মুকুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিসিএস এর সভাপতি মো. ফয়েজউল্যাহ খান বলেন, বিসিএস প্রতিষ্ঠালগ্ন থেকে তথ্যপ্রযুক্তির প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। বিসিএস নিজস্ব উদ্যোগের পাশাপাশি সরকারের সাথে সহযোগী হিসেবেও এসব কার্যক্রম বাস্তবায়ন করছে। কুমিল্লায় সে ধরনেরই একটি পদক্ষেপ। তিনি জানান, এই প্রযুক্তি প্রদর্শনী কুমিল্লাবাসীদের প্রযুক্তির হালনাগাদ সংস্করণের সাথে পরিচিত করে তুলবে।
মোস্তফা জব্বার বলেন, বিসিএস দেশে সর্বপ্রথম তথ্যপ্রযুক্তির প্রদর্শনীর সূচনার পাশাপাশি প্রদর্শনীগুলোকে ঢাকার বাইরে বিস্তৃত করার উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় কুমিল্লায় এ আয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মজিবুর রহমান স্বপন, সমিতির মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর প্রতিনিধি কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক মুখলেসুর রহমান বাদল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি, কুমিল্লা শাখা কমিটির সেক্রেটারী জনাব মু.মজিবুর রহমান মুকুল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, কুমিল্লা শাখা কমিটির সদস্যবৃন্দ এবং বিসিএসের বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই মেলা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এ সময়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয় বিভিন্ন বয়সের মানুষের পদচারণয়। মেলায় প্রদর্শনীতে পণ্য প্রদর্শন ছাড়াও রয়েছে সেমিনার, আলোচনা সভা, কুইজ, ফ্রি ইন্টারনেট জোন, ফ্রি গেমিং জোনসহ নানা আয়োজন। প্রায় ১০ হাজার বর্গফুট স্থান জুড়ে ৩২টি স্টল ও ৬ট প্যাভিলিয়নে ২৭টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি সামগ্রী প্রদর্শন করবে।
প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্যসামগ্রী, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, ডিজিটাল জীবনধারা-ভিত্তিক প্রযুক্তি ও পণ্য ইত্যাদির উন্নত ও হালনাগাদ সংস্করণ প্রদর্শন করবে। প্রদর্শনীতে প্রতিদিনই নানা আয়োজন ছাড়াও থাকবে কুইজ, আলোচন সভা।
মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। স্কুল শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।
মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ফুজিটসু, মাইক্রোল্যাব এবং নরটন; গোল্ড স্পন্সর হিসেবে থাকছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:, সেইফ আইটি সার্ভিসেস লি: এবং ইউনাইটেড কম্পিউটার সেন্টার, সিলভার স্পন্সর হিসেবে থাকছে হিটাচি। টিকেট স্পন্সর আইটি প্যালেস, টিকেট কাউন্টার স্পন্সর ক্যাসপারষ্কি ল্যাব এবং সমাপনী অনুষ্ঠান স্পন্সর হিসেবে থাকছে বিজনেসল্যান্ড লি:।
মেলা শেষ হবে ১৩ অক্টোবর।











