ফের গ্রামীণফোনের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

PriyoTech's picture

(প্রিয় টেক) ফের মামলায় জড়ালেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী টোরে জনসেন ও সাবেক প্রধান মানব সম্পদ কর্মকর্তা হারুণ ভাট্টি। গ্রামীণফোনের এই শীর্ষ দুই কর্মকর্তা ছাড়াও মামলা হয়েছে প্রতিষ্ঠানটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে।

২ অক্টোবর ঢাকার শ্রম আদালত-১ -এর চেয়ারম্যান মিয়া মোহাম্মদ শরীফের (জেলা ও দায়রা জজ) আদালতে বাদী হয়ে মামলা করেছেন গ্রামীণফোনের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের কর্মকর্তা ওমর ফারুক।

মামলায় অভিযুক্ত অন্য ৬ কর্মকর্তা হলেন, শরীফুল ইসলাম, তাওহীদ আবদুল্লাহ, নাঈমুজ্জামান, নাসের ফজলে আযম, সাজ্জাদ হাসিব ও আওলাদ হোসেন। এদের মধ্যে প্রথম তিন জন পিএনও এবং শেষ তিনজন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্মকর্তা।

মামলা বাদীপক্ষের আইনজীবী সেলিম আহসান খান জানান, শ্রম আইনের ১৮৬ ধারার ১ ও ২ উপধারা, ১৯৫ ধারার (ঘ) এবং দ-বিধির ২৯১ ও ৩০৭ ধারা লঙ্ঘনের অভিযোগে গ্রামীণফোনের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত সমন জারি করেছে। অভিযুক্তদের আদালতে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।

প্রসঙ্গত, কর্মী ছাঁটাইয়ে দেশে বিদ্যমান শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ৩০ আগস্ট গ্রামীণফোন প্রধান নির্বাহী টোরে জনসেন ও সাবেক প্রধান মানব সম্পদ কর্মকর্তা হারুণ ভাট্টির বিরুদ্ধে একই আদালতে মামলা করেন চাকরীচ্যুত কর্মী রাসুলুল আমিন মুরাদ ও আদিবা জেরিন। গত ৩ সেপ্টেম্বর মামলাটি নথিভুক্ত করে অভিযুক্তদেও বিরুদ্ধে সমন জারি করে আদালত। সমন অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় ফের ৩০ অক্টোবর তাদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।