গুগলের বিজনেস গ্রুপের উদ্যোক্তা-বিনিয়োগকারী নিয়ে আয়োজন

PriyoTech's picture

(প্রিয় টেক) ঢাকায় অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের বিজনেস গ্রুপের (জিবিজি ঢাকা) আয়োজন। গত ২৯ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন বিনিয়োগকারীরাও। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক তৈরিতে সাহায্য করা এবং বিনিয়োগকারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া।

গুগলের এই উদ্যোগটি বিশ্বের ১৫০টি দেশে অনুষ্ঠিত হয়। তৃতীয় বারের মতো ঢাকায় অনুষ্ঠিত এই আয়োজনে গুগল পাওয়ার সার্চ কোর্স, অ্যাডসেন্স কেস স্টাডি, জিবিজি কমিউনিটি হালনাগাদের পাশাপাশি ই-কমার্সের সম্ভাবনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা মনে করেছেন তাদের এই আয়োজন সকলের জন্য সহায়ক হবে এবং এ থেকে সকলের একটি ধারনার জন্ম নিবে যা আগামী দিনে পথ চলায় সহায়ক ভূমিকা পালন করবে।

জিবিজি ঢাকার আয়োজক ব্যবস্থাপক রিয়াদ হোসেন জানান, তারা নিয়মিতভাবে প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং করার জন্য কাজ করে চলেছেন। জিবিজির অন্য দুই আয়োজক ব্যবস্থাপক হলেন নাশিদ ইসলাম ও মির্জা সালমান হোসেন। পরবর্তী আয়োজন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে।

ই-কমার্সের নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, ব্লু লাইনারের প্রধান নির্বাহী ফাইয়াজ তাহের, নিউজক্র্যাডের প্রধান কারিগরি কর্মকর্তা ইরাজ ইসলামসহ অনেকে। এ ছাড়া এই আয়োজনে বিভিন্ন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের নতুন কাজ সম্পর্কে সবাইকে জানানোর সুযোগ পান।

এই আয়োজনে আগ্রহী অংশগ্রহণকারীরা বিস্তারিত জানতে পারবেন ঠিকানায়। এ ছাড়া নানা তথ্য জানা যাবে ফেসবুক পাতা থেকে।

Tags: