ঢাবিতে নবীনদের কম্পিউটার প্রশিক্ষণ দেবে ডিইউআইটিএস

(প্রিয় টেক) শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

এ বিষয় জানতে চাইলে ডিইউআইটিএসের সভাপতি আবদুল্লাহ আল ইমরান বলেন, 'গত জুলাইয়ে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের প্রাথমিক কম্পিউটার শিক্ষায় মন্ত্রণালয়ের সহযোগিতার মৌখিক আশ্বাস দিয়েছিলেন। শিগগিরই এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের একটি লিখিত চুক্তি হতে যাচ্ছে।'
আবদুল্লাহ আল ইমরান আরো জানান, চুক্তিটি হলে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রাথমিক ধারণা পাবেন। এ কার্যক্রমে প্রশিক্ষণ ও ল্যাব সহায়তা দেবে ঢাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)।
জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে নবীন শিক্ষার্থী ভর্তির পরপরই এ কর্মশালার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ভেন্যুতে ছয় দিন ধরে চলবে প্রশিক্ষণ। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।













