ডেনমার্কে বাংলাদেশ আইটি কোম্পানীর জন্য বিজনেস ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত

priyodesk's picture

(প্রিয় টেক) আইটিসি ও সিবিআই-নেদারল্যান্ডস-এর সহায়তায় বাস্তবায়নাধীন নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড- ২য় পর্যায় (এনটিএফ-২) প্রকল্পের অধীনে গত ১৮-২০ সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত বাংলাদেশ ও ডেনমার্কে সফটওয়্যার ও আইটিইএস কোম্পানির মধ্যে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সভা অনুষ্ঠিত হয়। ড্যানিশ ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (ডিএফএসএমই)-এর উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ থেকে বেসিসের ১০টি সদস্য কোম্পানির ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।

ম্যাচমেকিং সভায় ১৮টি ডেনমার্ক আইটি কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে দ্বি-পাক্ষিক আলোচনা করেন। উল্লেখ্য, এতে প্রতিটি বাংলাদেশী কোম্পানি কমবেশি ৫টি করে ডেনমার্ক কোম্পানির সাথে বৈঠক করে এবং সবমিলিয়ে প্রায় অর্ধশত দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে ডেনমার্কের আইটি উদ্যোক্তাদের বাংলাদেশে আইটি আউটসোর্সিং করা তথা অফশোর ডেভেলপমেন্ট সেন্টার এবং যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করার জন্য উৎসাহিত করা হয়।

এতে বেসিস-এর মহাসচিব রাসেল টি আহমেদ বাংলাদেশের সফটওয়্যার ও আইটিইএস শিল্পের ওপর একটি উপস্থাপনা ও ভিডিওচিত্র প্রদর্শন করেন। এছাড়াও অংশগ্রহণকারী বাংলাদেশী কোম্পানিগুলো কোপেনহ্যাগেন শহরের একটি গেমিং ইনকিউবেটর পরিদর্শন করেন।

ডেনমার্ক ইভেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশী কোম্পানিগুলো হচ্ছে, বিজেআইটি, ব্রেইনস্টেশন-২৩, হাওয়ার আইটি, ইমপালস বিডি লি:, ইনফরমেটিক্স টেকনোলজিস, রেলিসোর্স টেকনোলজিস, রাইট ব্রেইন সলিউশন, সানট্রানা বিডি লি: ও স্ট্রাকচারড ডেটা সিস্টেমস লিমিটেড।

আগামী ৫-৯ মার্চ ২০১৩ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় বেসিস সফটএক্সপো চলাকালীন সময়ে অনুরূপ ম্যাচমেকিং সভায় এসব কোম্পানিসহ ডেনমার্ক থেকে বেশকিছু আইটি কোম্পানির প্রতিনিধিবৃন্দ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Tags: