টেলিযোগাযোগ মন্ত্রীর প্রশ্ন, এসটিএম কী?

PriyoTech's picture

(প্রিয় টেক) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে নতুন টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আলোচনার এক পর্যায়ে জানতে চেয়েছেন "এসটিএম" কী?

তার সহজ সরল প্রশ্ন শুনে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মুখ চাওয়া-চায়ি করতে থাকেন। সবার নজর দেখে তিনি নিজেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে বলেন, দয়া করে অপনারা এভাবে তাকাবেন না। আমি জানি না তাই জিজ্ঞেস করছি।


সাহারা খাতুন। ফাইল ফটো

রোববার ছিল টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে সাহারা খাতুনের প্রথম বৈঠক। এ বৈঠকে অবৈধ কল টার্মিনেশনসহ আরো অনেকগুলো প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। অবৈধ কল বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিটিআরসি সরাসরি রাষ্ট্রায়ত্ত্ব ল্যান্ডফোন অপারেটর বিটিসিএলকে দায়ী করেন।

তাদের বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী জানতে চান কোন কোন কর্মকর্তা এই কাজে সহযোগিতা করছে। এবং অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আরো বলেন, তার নিজের নাম ভাঙিয়ে বা প্রধানমন্ত্রী ও তার ছেলের নাম ভাঙিয়ে কেউ অবৈধ কল টার্মিনেশনের ব্যবসা করতে চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।

বৈঠকে জানানো হয়, অক্টোবর মাসে বৈধ কলের পরিমান যেখানে দিনে ৫ কোটি ২০ লাখ মিনিট পেরিয়ে গিয়েছিল এখন সেটি নেমে এসেছে আড়াই কোটি মিনিটে। গত ১৩ সেপ্টেম্বর সব মিলে দেশে বৈধ আন্তর্জাতিক কল এসেছে ২ কোটি ৫৩ লাখ মিনিট।

সংশ্লিষ্টরা জানান যে, নতুন হলেও তিনি সৎ। তাই কিছুদিনের মধ্যেই বেসিক বিষয়গুলো শিখে নিয়ে, তিনি বড় ধরনের পরিবর্তন আনতে পারেন।

এর আগে বৈঠকের শুরুতে সংসদীয় কমিটির বিদায়ী সভাপতি এবং বর্তমানে তথ্য মন্ত্রীর দায়িত্ব নেওয়া হাসানুল হক ইনু এসে সকলকে শুভেচ্ছা জানান। সে সময় তিনি কমিটির কাছে গত সাড়ে তিন বছরে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারের অগ্রগতির বিষয়ে একটি পুস্তিকা প্রকাশের অনুরোধ জানান।

এদিকে টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বিটিআরসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। কমিটির বৈঠকে অংশ নেওয়া সুনীল কান্তি বোসকে সকলে শুভেচ্ছা জানান।