১০ সেকেন্ড পালস: গ্রাহকের টাকা ফেরত দিতে গ্রামীণফোন ও বাংলালিংককে চিঠি দিয়েছে বিটিআরসি

(প্রিয় টেক) বেঁধে দেয়া সময়ের মধ্যে ১০ সেকেন্ড পালস ও ফ্লাট রেট ট্যারিফ পুরোপুরি বাস্তবায়ন করতে না পারায় গ্রামীণফোন ও বাংলালিংককে গ্রাহকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা - বিটিআরসি। বৃহস্পতিবার দুই অপারেটরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ২৩ অক্টোবরের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দিয়ে বিটিআরসিকে তা অবহিত করতে হবে। পাশপাশি বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে দু’টি বহুল প্রচারিত পত্রিকায় আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
চিঠি পাওয়ার কথা স্বীকার করে গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসাইন জানিয়েছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে গ্রামীণফোন ১০ সেকেন্ড পালস পুরোপুরো বাস্তবায়ন করতে পারেনি। তবে এ বিষয়ে বিটিআরসিকে প্রতিনিয়ত অগ্রগতি জানানো হয়েছে। তিনি বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় যদি কোনো গ্রাহক ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে তাহলে তাকে তার টাকা ফেরত দেওয়া হবে। তিনি বলেন, গ্রাহকের সংখ্যা বেশী হওয়ায় এটি বাস্তবায়ন করতে তাদের জন্য কিছুটা সমস্যা হচ্ছে। শিঘ্রই সব কাজ শেষ হবে। তিনি জানান, ইতিমধ্যে ৯৯ শতাংশ গ্রাহককে ১০ সেকেন্ডের পালস সুবিধা দেওয়া হয়েছে।
এদিকে বাংলালিংকের কর্পোরেট বিভাগের পরিচালক জাকিউল ইসলাম বলেন, ১০ সেকেন্ড পালস ও ফ্লাট রেট ট্যারিফ অনেকাংশেই বাস্তবায়ন করেছেন তারা। প্রি-পেইড গ্রাহকদের ক্ষেত্রে পুরোপুরি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পোষ্ট পেইড গ্রাহকদের বাস্তবায়নের কাজ চলছে। তবে বাংলালিংকের অগ্রগতির বিষয়টি নিয়মিতই নিয়ন্ত্রণ সংস্থাকে অবহিত করা হচ্ছে। আর চিঠির ব্যাপারেও আলোচনা করা হবে।
বিটিআরসি'র সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগের সহকারী পরিচালক মাহফুজুল আলম স্বাক্ষরিত এক পৃষ্ঠার চিঠিতে দুই অপারেটরকে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০ সেকেন্ড পালস ও ফ্লাট রেট ট্যারিফ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। যা পুরোপুরি বাস্তবায়ন করা অত্যাবশ্যক ছিল। গ্রামীণফোন ও বাংলালিংক এই সিদ্ধান্ত বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমন অবস্থায় অনতিবিলম্বে অবশিষ্ট সকল প্যাকেজ সর্বোচ্চ ১০ সেকেন্ড পালস ও ফ্লাট রেট ট্যারিফ এর আওতায় আনার নির্দেশ দেওয়া হল। পাশপাশি আগামী ২৩ অক্টোবরের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দিয়ে বিটিআরসিকে তা অবহিত করতে হবে। বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে দু’টি বহুল প্রচারিত পত্রিকায় আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।












