বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস! সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে

PriyoTech's picture

(প্রিয় টেক) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোসের ফাইলের সারসংক্ষেপ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার এই সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অফিসে গেছে। সেখান থেকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে গেছে রাষ্ট্রপতির দফতরে। সুনীল কান্তি বোস নিজে জানিয়েছেন এমন খবর তিনিও শুনেছেন।

রাষ্ট্রপতির অনুমোদন পেলে এ মাসেই তিনি বিটিআরসি’র দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর সে সময়ের টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর চাহিদাপত্রের (ডিও) ওপর প্রধানমন্ত্রী প্রাথমিক সম্মতি দেন। তারপরেই সারসংক্ষেপ তৈরী করা হয়।

এ মাসে মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের মৃত্যুতে বিটিআরসি’র চেয়ারম্যানের পদ শূন্য হয়। বর্তমানে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েছেন। জিয়া আহমেদ ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে তার তিন বছরের মেয়াদ শেষ করেন। পরে আরো এক বছরের জন্যে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি পায়। গত সোমবার ভোর রাত সাড়ে তিনটায় তার আকস্মিক মৃত্যু হয়।

জিয়া আহমেদের আগে জরুরী অবস্থায় একজন মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম বিটিআরসি’র চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার আগে দুই জন সাবেক সচিব মারগুম মোর্শেদ এবং ওমর ফারুক একই পদে ছিলেন। সুনীল কান্তি বোস হবেন বিটিআরসি’র পঞ্চম চেয়ারম্যান।

সুনিল কান্তি বোস ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানে স্নাতক এবং মাষ্টার্স করার পর পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি বিষয়ে দ্বিতীয় মাষ্টার্স করেন তিনি। কর্মজীবনে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান এবং ব্যান্সডকের পরিচালক ছিলেন। টেলিযোগাযোগ সচিব হওয়ায় তিনি সরকারের পাঁচটি টেলিযোগাযোগ কোম্পানিরও চেয়ারম্যান।