আয়কর প্রদান করা যাবে অনলাইনে

(প্রিয় টেক) গত ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে আয়কর মেলা ২০১২। মেলা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় ডিজিটাল পদ্ধতিতে কর প্রদান করা যাবে। ডিজিটাল পদ্ধতিতে আয়কর প্রদান সম্পর্ক প্রিয় টেকের পাঠকদের কাছে বিস্তারিত তুলে ধরা হল।

অনলাইন কর পরিশোধ পদ্ধতির সহজ পাঠ
জাতীয় রাজস্ব বোর্ডের ই-পেমেন্ট পোর্টালটি ব্যবহার করা সহজ, নিরাপদ ও খরচবিহীন। করদাতা নিজে, তার আইনানুগ প্রতিনিধি, উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ এবং সকল ব্যক্তি/প্রতিষ্ঠান এই ই-পেমেন্ট সিস্টেমের সুবিধা নিতে পারবে।
এই সিস্টেমটি ব্যবহার করে অনলাইনে কর পরিশোধে নিুলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে :
* একটি কার্যকর ই-মেইল অ্যাকাউন্ট
* TIN, AIN, BIN (যেটা প্রযোজ্য)
* ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড/ক্যাশ কার্ড, অনলাইন ব্যাংকিং ও হিসাব সংক্রান্ত তথ্যাদি
সিস্টেম ব্যবহারকারীরা এই পোর্টালটি থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড/ক্যাশ কার্ড অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কর, শুল্ক বা ফি প্রদান করতে পারবেন।
রেজিস্ট্রেশন/নিবন্ধন
সাইটের মূল পাতায় Register -এ ক্লিক করুন এবং করদাতার প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করতে হবে। নিবন্ধন শেষে ই-পেমেন্ট সিস্টেম থেকে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে একটি ই-মেইল। সেই ই-মেইলের লিংকটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি কার্যকর করুন।
এবার আপনার User ID ও পাসওয়ার্ড ব্যবহার করে মূলপাতা থেকে লগ-ইন করুন। এখানে একটি নতুন e-Pay Control Panel লিংক দেখা যাবে। আগে Update Your Profile -এ অন্যান্য তথ্য পূরণ করে ই-পেমেন্ট করার জন্য তৈরি হতে হবে।
প্রোফাইল আপডেট করা
আপনার প্রোফাইলে আয়কর, মূসক এবং আমদানি শুল্কের জন্য আলাদা অংশ রয়েছে। প্রয়োজনমতো এ ফরমগুলো পূরণ করুন। এবার Update বাটন ক্লিক করুন, আপনার তথ্য সফলভাবে ধারণ করা হয়েছে, এ মেসেজ দেখা যাবে।
চার ধরনের ব্যবহারকারী এই ই-পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কর প্রদান করতে পারবেন। এরা হচ্ছেন ব্যক্তি নিজে, তার আইনানুগ প্রতিনিধি, উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ এবং অন্যান্য। ব্যক্তি হিসেবে আয়কর দিতে e-Pay Control Panel লিংকটি ক্লিক করলে যে পাতাটি খুলবে, সেখানে Income Tax ক্লিক করুন এবং Pay Income Tax Online সিলেক্ট করুন।
আপনার কর প্রদান সংশ্লিষ্ট কর বছর (Assessment Year) টাইপ করুন। আপনি কত টাকা আয়কর দিতে ইচ্ছুক সে অঙ্কটি লিখুন। অন্যান্য ব্যক্তিগত তথ্যাদি পূরণ করে ÔSubmit’ বাটন ক্লিক করুন। এরপর আপনি চলে যাবেন সোনালী ব্যাংকের পেজে।
আইনানুগ প্রতিনিধি, উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ ও অন্যদের e-Payment দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে How to Use পেইজটি দেখুন।
অনলাইনে মূসক প্রদান
‘e-Pay Control Panel’-এ VAT অপশনে গিয়ে Pay VAT online -এ ক্লিক করুন। আপনার BIN, নাম এবং ব্যবসার নাম দেখাবে। আপনার BIN এবং রাজস্ব টাইপ করুন। যদি আপনার পেমেন্ট টাইপ তালিকাভুক্ত না হয়, তবে Other VAT নির্বাচন করুন।
অনলাইনে কাস্টমস ডিউটি পরিশোধ
‘e-Pay Control Panel’ লিংকের Customs Duty অপশনে গিয়ে Pay Customs Duty Online -এ ক্লিক করুন। অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার C&F এজেন্ট আইডি নাম্বার (AIN) এবং এজেন্সির নাম দেখানো হবে।

অর্থ প্রদান পদ্ধতি
আপনার অর্থ প্রদানের পদ্ধতি (যথা ডেবিট কার্ড, ক্যাশ কার্ড ইত্যাদি) সিলেক্ট করুন এবং একটি প্রাথমিক/ড্রাফট ই-চালান দেখতে Next -এ ক্লিক করুন।
Q-Cash -এর পেজটিতে পৌঁছে আপনার কার্ডের/অ্যাকাউন্টের তথ্য প্রদান করুন (PAN, CVV2 ইত্যাদি)। কার্ড/অ্যাকাউন্ট অনুযায়ী নাম টাইপ করুন ও কার্ড/অ্যাকাউন্টের মেয়াদ প্রবেশ করান। সব ঠিক থাকলে OK ক্লিক করুন।
এর পরবর্তী পেজে আপনার কার্ডের/অ্যাকাউন্টের গোপন পাসওয়ার্ডটি প্রবেশ করান এবং Next ক্লিক করুন।
এবার আপনি চূড়ান্ত ই-চালানটি দেখতে পাবেন। আপনার ই-পেমেন্ট শেষ করতে Finish ক্লিক করুন। কাজ শেষ মনে করে সাইন-আউট করুন।
এর মূল পেজে গিয়ে আপনার চালান যাচাইকরণ করতে হবে।
এছাড়া আয়কর মেলা ২০১২ ই-পেমেন্টে জন্য একটি আলাদা প্যাভিলিয়ান করা হয়েছে। মেলা চলাকালীন সময় যে কেউ এই প্যাভিলিয়ানে গিয়ে আয়করের ই-পেমেন্ট সম্পর্কে বিস্তারিত হাতে-কলমে জানতে পারবেন।
বিস্তারিত জানতে http://www.nbrepayment.org-এ ‘How to Use’ ভিজিট করুন।













