দুর্নীতি প্রতিরোধে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

(প্রিয় টেক) দুর্নীতি দমনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যত ধরনের পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। ৪ সেপ্টেম্বর দুর্নীতি প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। রাজধানীর স্থানীয় একটি হোটেল দুর্নীতি দমন কমিশন (দুদক), ইউএস-এআইডি, প্রগতি ও এমআরডিআই যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন খুঁটিনাটি দিক তুলে ধরেন।
আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, 'যে কোন কাজ শুধু প্রযুক্তি দিয়ে হবে না। এজন্য মানুষকে যুক্ত করতে হবে, নতুবা কোন কাজেই সাফল্য আসবে না।' মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, 'তথ্য অধিকার আইন দুর্নীতি কমিয়ে আনা ও প্রতিরোধে একটি বড় অর্জন।' সরকারি অফিসগুলোতে তথ্য চেয়ে তা না পাওয়া সম্পর্কে তিনি বলেন, 'এক্ষেত্রে বড় সমস্যা হলো আমাদের কাছে তথ্য নেই।
দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, 'মানুষের মানসিকতা দুর্নীতি প্রতিরোধে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।' তিনি বলেন, বছরে ১০০ জন লোককেও যদি দুর্নীতির দায়ে শাস্তি দেয়া যায় তবে তা উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, তথ্য অধিকার আইন দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র, ফিঙ্গারপ্রিন্ট ও স্বাক্ষর যুক্ত ডাটাবেস দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারে। তবে যত ব্যবস্থাই নেয়া হোক না কেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব নয়।
হাসানুল হক ইনু এমপি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুচরা দুর্নীতি দমনে সহায়ক হতে পারে। তবে বড় ধরনের দুর্নীতিতে এটি কতটুকু সহায়ক হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
তথ্য কমিশনার ড. সাদেকা হালিম বলেন, অধিকাংশ ক্ষেত্রে সরকারি দফতরগুলো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়। তিনি বলেন, 'যতক্ষণ না আমরা বাজেট পাবো ততক্ষণ আমরা কতটুকু স্বাধীন তা নিয়ে প্রশ্ন রয়েছে।' তথ্য পাওয়ার অধিকারের তুলনা করতে গিয়ে ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'সোনিয়া গান্ধী কত টাকা আয়কর দেন তা জানতে চেয়েছেন একজন নাগরিক, এ ধরনের ঘটনা রয়েছে।'
সাংবাদিক আবদুল কাইয়ুম বলেন, 'সবকিছু ডিজিটাল হলে দুর্নীতি কিছুটা কমবে। তাই সরকারি-বেসরকারি অফিসগুলো যাতে তাদের সবকিছু কম্পিউটারাইজড করে সে ব্যাপারে দুর্নীতি দমন কমিশনেরও দৃষ্টি দেয়া উচিত।'
ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড গ্রিন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী উপাদান হিসেবে কাজ করতে পারে।
সংসদ সদস্য কেএম খালিদ বলেন, 'যখন দেশের অর্থমন্ত্রী বলেন, তিন-চার হাজার কোটি টাকার ঋণের অনিয়ম বড় কোন টাকা নয়, তখন একজন সরকার দলীয় সংসদ সদস্য হয়েও আমাদের হতাশ হতে হয়।'
গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, কয়েকটি জেলার ডিসিসহ বিশিষ্ট ব্যক্তিরা।








