ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও অ্যাপনিকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

PriyoTech's picture

(প্রিয় টেক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (অ্যাপনিক) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে অ্যাপনিকের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে আইপিভি৬ বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু হচ্ছে। ৪ সেপ্টেম্বর এই চুক্তি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান অ্যাপনিকের ডিরেক্টর জেনারেল পল উইলসনের পক্ষে অ্যাপনিকের ইন্টারনেট রিসোর্স অ্যানালিস্ট নুরুল ইসলাম রোমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম রোমান এ সময় বলেন, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাপনিকের এটি প্রথম চুক্তি। এর ফলে প্রাথমিকভাবে অ্যাপনিকের সহযোগিতায় সার্টিফিকেট কোর্স চালু করা হলেও আস্তে আস্তে এর কলেবর বৃদ্ধি পাবে। গ্রাজুয়েশন লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও আইপিভি৬ বিষয় হিসাবে ভবিষ্যতে চালু হতে পারে। এছাড়া অদূর ভবিষ্যতে অ্যাপনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে একটি বিশ্বমানের ল্যাব প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদী।

ড. মোঃ হাসানুজ্জামান বলেন, এই চুক্তি ফলে বাংলাদেশের সামনে একটি বড় সম্ভাবনার দূর উন্মুক্ত হলো বলে আমি মনে করি। অ্যাপনিকের সাথে বেশ কিছুদিন ধরে এ বিষয়ে আলাপ আলোচনা করা হয়। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে আইপিভি৬ প্রয়োগ বিষয়ক শর্ট কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছি। গ্রাজুয়েশন সম্পন্ন করা যে কেউ এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইট থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সহ-সভাপতি রহমান খান জন, মোহাম্মদ কাওছার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম ও কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এবং অ্যাপনিক এর যৌথ আয়োজনে গত ১-৪ সেপ্টেম্বর ইন্টারনেট রিসোর্স ম্যানেজমেন্ট (আইআরএম) ও আইপিভি৬ প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শেষ দিন এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।