ওয়েবসাইটে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ

(প্রিয় টেক) গান গাওয়া আর সুরারোপ করার মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের জনপ্রিয় এ সুরকারের ব্যক্তিগত নানা তথ্য নিয়ে সম্প্রতি ইন্টারনেটে চালু হয়েছে শহীদ আলতাফ মাহমুদ নামের একটি ওয়েবসাইট।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হওয়া ওয়েবসাইটটিতে আলতাফ মাহমুদ সম্পর্কিত নানা তথ্য রয়েছে। নীড়পাতা, জীবনযাপন, সৃজনশীলতা, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, গ্যালারি, আর্কাইভ, গুণীজনের চোখে, স্মরণ, ব্লগসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে রয়েছে নানা ধরনের তথ্য ও ছবি। শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে গুণীজনদের নানা লেখার পাশাপাশি জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, ভাষা ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন জায়গায় থাকা আলতাফ মাহমুদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্রের ছবিও রয়েছে সাইটটিতে।
রয়েছে শহীদ এই বুদ্ধিজীবীকে নিয়ে লেখা বিভিন্ন বইয়ের খবরও। গীতিনাট্য, ছায়ানাট্য, নৃত্যনাট্যের পাশাপাশি যেসব সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন এবং যেসব গানের সুরারোপ করেছেন আলতাফ মাহমুদ, সেসবের তালিকাও পাওয়া যাবে ওয়েবসাইটটিতে। গ্যালারি ক্যাটাগরিতে রয়েছে ছবিঘর, অডিও এবং ভিডিও গ্যালারি, যেখানে আলতাফ মাহমুদের নানা ছবির পাশাপাশি অডিও এবং ভিডিওর সংগ্রহ রয়েছে। এক কথায়, সাইটটিতে এই বুদ্ধিজীবীর নানা প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।








