ঈদে প্রযুক্তিপণ্য উপহার

badol khan's picture

(প্রিয় টেক) ঈদে প্রিয়জনকে উপহার দেয়ার রীতি অনেক আগে থেকেই প্রচলিত। যার যার সাধ্যমতো ঈদের এই সময় উপহার দেওয়া হয়। ঈদের সময় প্রিয়জনকে উপহার না দিলে কি ঈদের আনন্দ পূর্ণতা আসে। দিন বদলের সঙ্গে ঈদে প্রিয়জনকে দেওয়া উপহারে এসেছে ভিন্নতা। ঈদের সময় নতুন উপহার হিসেবে নতুন পোশাকের পাশাপাশি বর্তমানে দেওয়া হচ্ছে প্রযুক্তি পণ্য। প্রযুক্তি বাজারগুলোতে ঈদ উপলক্ষে প্রযুক্তির বিভিন্ন উপকরণের বিক্রি বেড়েছে। ঈদে উপহার হিসেবে নতুন পোশাক ও গৃহস্থালি উপকরণের পাশাপাশি প্রযুক্তির নানা উপকরণও থাকছে। ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটে প্রযুক্তি পণ্যের বিশেষ ছাড় ও মেলার আয়োজন চলছে। রাজধানী ঢাকার প্রযুক্তির বাজার ঘুরে ঈদে উপহার হিসেবে আজ প্রযুক্তি পণ্যের খোঁজখবর রয়েছে আপনাদের জন্য।

ল্যাপটপ ও নেটবুক: ঈদের প্রযুক্তিপণ্যের উপহার দেওয়ার প্রথম দিকেই আছে ল্যাপটপ ও নেটবুক। বাজারগুলোতে সবচেয়ে বেশি চাহিদা ল্যাপটপে, বিশেষ করে তরুণ প্রজম্মের কাছে। ঈদ উপলক্ষে বিক্রিও হচ্ছে বেশ ভালো। আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ঈদ উপলক্ষে ল্যাপটপ কিনতে এসেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা সাদবান সাদিক। বাবার সঙ্গে ঘুরে ঘুরে খুঁজে দেখছে তার পছন্দের ল্যাপটপটি। কথা হয় তার সঙ্গে। ভালো রেজাল্ট করলে বাবা ল্যাপটপ কিনে দেওয়ার কথা বলেছিলেন। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি তাই বাবা ল্যাপটপ কিনে দিচ্ছেন। ঈদের এই সময় কেন-জিজ্ঞেস করাতে সাদবান সাদিক জানায়, কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তখন তো এমনিতেই ল্যাপটপ কিনতে হবে। ঈদের সময় ল্যাপটপ কিনলে বিশেষ ছাড়ে পাওয়া যাবে। তাই ঈদের এই সময় কিনতে এসেছি।

প্রযুক্তি মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে বিক্রি আগের চেয়ে বেড়ে যায়। তাই তারা ঈদের এই সময়টা প্রযুক্তিপণ্যে বিভিন্ন অফার ঘোষণা করেন। রাজধানী শান্তিনগরে ইস্টার্ন প্লাস বিসিএসের ল্যাপটপ মার্কেটেও ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। ল্যাপটপ বিক্রির জন্য তৈরি করা এই মার্কেটে ঈদ উপলক্ষে আগের চেয়ে বিক্রি বেড়ে গেছে। কম্পিউটার সোর্স ঈদ উপলক্ষে বিশেষ পণ্য প্রদর্শনীর আয়োজন করেছে। কম্পিউটার সোর্সের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বনন্দিত ফুজিৎসু, ডেল, এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের অফার ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রদর্শনীতে প্রতিটি প্রযুক্তিপণ্যের সুনির্দিষ্ট ও তুলনামূলক সুবিধা, পণ্য বিবরণী জানার পাশাপাশি এগুলো পরীক্ষামূলক ব্যবহারের সুযোগ উপভোগ করছেন দর্শনার্থীরা।

ডেস্কটপ কম্পিউটার : ল্যাপটপের পাশাপাশি ঈদ উপলক্ষে ডেস্কটপ কম্পিউটারের বিক্রিও বেড়েছে। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিসহ রাজধানীর সব প্রযুক্তি মার্কেটের ডেস্কটপ কম্পিউটারে ঈদ উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। ক্রেতারা বিশেষ করে বাসা বা অফিসের ব্যবহারের জন্য ডেস্কটপ কম্পিউটার ক্রয় করছেন। প্রতিষ্ঠানের জন্য দুটি ডেস্কটপ কম্পিউটার কিনতে এসে ব্যবসায়ী আজিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে শুধু নিজেদের জন্য নতুন নতুন পোশাক কিনলেই চলবে? সঙ্গে নিজের প্রতিষ্ঠানকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি প্রতি ঈদে।

তারই ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানের জন্য দুটি নতুন ডেস্কটপ কম্পিউটার ক্রয় করেছি। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির দশম তলায় অবস্থিত মাস্টার কম্পিউটারের জিল্লুর রহমান জানান, এ সময় অন্য প্রযুক্তিপণ্যের সঙ্গে ডেস্কটপ কম্পিউটারে বিক্রিও বাড়ে। এ ছাড়া ক্রেতাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের কমবেশি বিশেষ অফার ঘোষণা করা হয়।

মোবাইল ফোন : প্রযুক্তিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহƒত উপকরণ হল মোবাইল ফোন। ঈদ উপলক্ষে মোবাইল ফোনের বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। মোবাইল ফোনের বিক্রির জন্য প্রসিদ্ধ ইস্টার্ন প্লাজা। ঈদ উপলক্ষে ইস্টার্ন প্লাজা থেকে নোকিয়া সিরিজের মোবাইল ফোন কিনেছেন চাকরিজীবী মো. মোস্তফা কামাল। তিনি জানান, অনেক দিন থেকেই নতুন মোবাইল কেনার কথা ছিল। বিভিন্ন সমস্যার কারণে কেনা হয়নি। তাই ঈদের আনন্দে পছন্দের নতুন মোবাইলটি কিনে ফেললাম। বসুন্ধরা সিটির মোবাইল মার্কেটও জমে উঠেছে। বিভিন্ন ফ্লোরে অনুষ্ঠিত মোবাইলের দোকানগুলোতে বেচাবিক্রি জমে উঠেছে।

ষষ্ঠ তলায় অবস্থিত নিক্কন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সোহাগ জানান, বর্তমানে ঈদে মোবাইল ফোনের বিক্রি তুলনামূলক বেশি হয়। এখন ক্রেতারা শুধু নতুন পোশাক কিনেই ঈদের আনন্দ উদযাপন করেন না। একই সঙ্গে অনেকে এখন নতুন প্রযুক্তিপণ্য ক্রয় করে থাকেন। বসুন্ধরা সিটিতে ঈদ উপলক্ষে মোবাইল দোকানগুলোতে বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। নোকিয়া, স্যামসাং, এলজি, সিম্ফনিসহ প্রায় সব কোম্পানি মোবাইল ফোনে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। এতে উপহার হিসেবে থাকছে বিশেষ মূল্য ছাড়, টি-শার্ট ও মেমোরি কার্ডসহ বিভিন্ন জিনিস। ঈদে প্রিয়জনকে নতুন পোশাকের পাশাপাশি মোবাইল ফোনও উপহার হিসেবে দিতে পারেন।

গান শোনার ডিজিটাল উপকরণ : গান শোনার ডিজিটাল উপকরণগুলো ঈদের সময় প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন। প্রযুক্তি বাজারগুলোতে বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের এমপিথ্রি, এমপিফোরসহ গান শোনার বিভিন্ন পণ্য পাওয়া যায়। বন্ধুকে গান শোনার একটি প্রযুক্তিপণ্য দেওয়ার কথা অনেক দিন থেকেই ভাবছেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সানজিদা সায়মা। বসুন্ধরা সিটিতে কথা হয় তার সঙ্গে। প্রিয় বন্ধুটিকে অনেক দিন থেকে কিছু দেওয়ার কথা ভাবছি। ঈদের জন্য অপেক্ষায় ছিলাম। ঈদের সময় অন্য কিছু দেওয়ার চেয়ে তাই গান শোনার এই উপকরণটি উপহার হিসেবে দেব-জানান সানজিদা সায়মা।

প্রযুক্তি বাজারে ঈদের বিশেষ আয়োজন
ঈদ উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটিসহ প্রযুক্তি বাজারগুলোতে বিশেষ আয়োজন করেছে। এ ছাড়া প্রযুক্তির বিভিন্ন পণ্য বিশেষ মূল্যছাড়সহ বিশেষ অফার ঘোষণা করেছে। ৩০ জুলাই থেকে ‘প্রিয়জনকে উৎসবে কম্পিউটার উপহার দিন স্লোগানে কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ঈদ উতসব। এ উপলক্ষে জানতে চাইলে বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান বললেন, ঈদ উপহারের তালিকায় কম্পিউটারসহ প্রযুক্তিপণ্যের প্রচলন করতেই এই আয়োজন। ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তোলার জন্য সিটির প্রযুক্তি দোকানের বিশেষ মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। এ ছাড়া উপহার হিসেবে দেওয়া হচ্ছে বিভিন্ন পণ্য।

এই উতসবে যে কোনো প্রযুক্তিপণ্য কিনলে একটি কুপন পাওয়া যাবে। এ কুপনগুলো থেকে প্রতি সপ্তাহে একটি ল্যাপটপসহ ডিজিটাল ক্যামেরা, এলইডি মনিটর, লেজার ও ডেস্কজেট প্রিন্টার, স্পিকার, হেডফোন, ওয়েবক্যাম, ৮ এবং ১৬ গিগাবাইট পেনড্রাইভ পুরস্কার দেওয়া হবে।

এইচপি ও এচারের যে কোনো ল্যাপটপ কিনলেই ৫০০ টাকার গিফট ভাউচার পাওয়া যাচ্ছে। এইচপির কুপনে উতসব শেষে পাঁচজন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। আসুসের ল্যাপটপে রয়েছে নিশ্চিত ৫০০ টাকাসহ সর্বোচ্চ ২৫ হাজার টাকা জেতার সুযোগ। সনি ভায়ো ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে নানান উপহার। তোশিবা ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে আট গিগাবাইট পেনড্রাইভ, কেনাকাটার কুপন ও মগ। স্যামসাং স্মার্ট পিসি কিনে ক্যামেরা, নেটবুক, নোটবুক ইত্যাদি পাওয়ার সুযোগ আছে।

Tags: