বাংলাদেশ ব্যাংক গভর্ণরের সাথে বেসিস প্রতিনিধিদলের সাক্ষাত

PriyoTech's picture

(প্রিয় টেক) নবনির্বাচিত বেসিস কার্যনির্বাহী পরিষদ ৭ আগস্ট ২০১২ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানের সাথে সাক্ষাত করেন। বেসিস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বেসিস সভাপতি ফাহিম মাশরুর।

আলোচনাকালে বেসিস প্রতিনিধিদল সফ্টওয়্যার ও আইটিইএস শিল্পের উন্নয়নে বিশেষ করে ই-পেমেন্ট, বৈদেশিক বিনিময় এবং তথ্য প্রযুক্তি খাতে অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্ণর ড. আতিউর রহমানকে ধন্যবাদ জানান। বেসিস প্রতিনিধিদল বৈদেশিক মুদ্রা লেনদেন, ই-কমার্স লেনদেন ও আইটি কোম্পানীগুলোর জন্য ইইএফ এবং এসএমই ঋণের মত আর্থিক সুবিধাদির বিষয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। বেসিস প্রতিনিধিদল সফ্টওয়্যার আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) ভিত্তিক মূল্য পরিশোধ সুবিধা চালুর প্রস্তাব করেন যাতে এ খাতে প্রকৃত আমদানির তথ্য সংরক্ষণ করা যায়।

ই-কমার্স ভিত্তিক লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বেসিস প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক থেকে একটি নীতিমালা বা নির্দেশনা প্রদানের অনুরোধ জানান যাতে সর্বোচ্চ ২% লেনদেন ফি ধার্য করা যেতে পারে। সম্প্রতি বিটিআরসি কর্তৃক অনলাইনে মোবাইল/ ইন্টারনেট ফি পরিশোধের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গভর্ণরের মনোযোগ আকর্ষণ করেন এবং বিটিআরসির সাথে সমন্বয়পূর্বক বিষয়টি দ্রুত সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বেসিস প্রতিনিধিদল ইইএফ এর অনুমোদন প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি সম্পন্ন উল্লেখ করে অনুমোদন ও অর্থ ছাড়করণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান। ড. আতিউর রহমান প্রক্রিয়াটি দ্রুত ও সহজতর করার লক্ষ্যে নীতিগত পরিবর্তনের আশ্বাস দেন। বাংলাদেশ ব্যাংকের জাইকা(ঔওঈঅ) প্রকল্পের আওতায় আইটি কোম্পানীগুলোর জন্য এসএমই ঋণ সুবিধা প্রদানের জন্য বিশেষ বর্দ্দা রাখার জন্যও বেসিস বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে।

অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর ড. নাজনিন সুলতানা, বৈদেশিক বিনিময় বিভাগের নির্বাহী পরিচালক জনাব আহসান উল্লাহ, পরিশোধ বিভাগের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার এবং বেসিসের পক্ষে মহাসচিব রাসেল টি আহমেদ, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, পরিচালক শাহ ইমরাউল কায়ীশ এবং নাভিদুল হক উপস্থিত ছিলেন।

Tags: