বিআইজেএফ নির্বাচন অনুষ্ঠিত: মুহম্মদ খান সভাপতি আরাফাত সিদ্দিকী সোহাগ সাধারণ সম্পাদক

PriyoTech's picture

(প্রিয় টেক) বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটির ২০১২-১৩-১৪ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র সিনিয়র সাব এডিটর মুহম্মদ খান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আরাফাত সিদ্দিকী সোহাগ।

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিজয়ের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, নির্বাচন একটি কমিটিকে দায়িত্ব গ্রহণ একটি মাধ্যম মাত্র। নির্বাচনের পর সবাই এক সাথে মিলে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবে।


শনিবার বিকেলে তিন টায় ভোটার ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার। নির্বাচন বোর্ডের সদস্য বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং দৈনিক প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন এসময় তার সঙ্গে ছিলেন।

শনিবার বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। নয় সদস্যের কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সাতজনেরই কোনো প্রতিদ্বন্দ্বী ছিলো না। ফলে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রোববার আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে ৫১টি ভোটের মধ্যে ৪৯ জন ভোট প্রদান করেন। নয় সদস্যের কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সাতজনেরই কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে যুগান্তরের আইসিটি ডিপার্টমেন্ট ইনচার্জ তারিক রহমান, যুগ্ম সচিব পদে কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি, কোষাধ্যক্ষ পদে সমকালের আইসিটি পেজ ইনচার্জ হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সকালের খবরের আইটি পেজ ইনচার্জ তারিকুর রহমান খান বাদল এবং গবেষণা সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত’র সহ-সম্পাদক (আইসিটি) নাজমুল হোসেন। এছাড়া নির্বাহী সদস্য হিসাবে মাসিক কম্পিউটার জগতের সহকারী সম্পাদক এম এ হক অনু ও সংবাদের স্টাফ রিপোর্টার (আইসিটি) মোহাম্মদ কাওছার উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রিয় টেকের পক্ষ থেকে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Tags: