আজ বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামে নির্বাচন

PriyoTech's picture

(প্রিয় টেক) ১১ আগস্ট বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচন। ঢাকার সোনারগাঁও রোডে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যালয়ে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হবে। ১১ আগস্ট ভোট গ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

বিআইজেএফ নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের মোস্তফা জব্বারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করবেন প্রথম আলো’র যুগ্ম ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন এবং বাংলাদেশ সরকারের আইসিটি পরামর্শক মুনির হাসান।

২৫ জুলাই নয় সদস্যের কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তবে এদের মধ্যে সাত জনেরই কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে কেবল বাকি থাকা সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট দিবেন সংগঠনের ৫১ জন ভোটার।

এক্ষেত্রে সভাপতি পদে দু’জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছে তিনজন প্রার্থী। প্রার্থীদের মধ্যে সভাপতি পদের দু’জনই বিদায়ী কমিটিতে ছিলেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদের একজন ছড়া বাকি দুইজনই নবীন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইত্তেফাকের আইসিটি ইনচার্জ মোজাহিদুল ইসলাম ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুহম্মদ খান। এছাড়া সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ২৪ ডট কমের আইসিটি সম্পাদক সাব্বিন হাসান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আরাফাত সিদ্দিক সোহাগ এবং দৈনিক ডেসটিনির সিনিয়র সহ-সম্পাদক ওয়াশিকুর রহমান শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। তারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের ফল যেটা হোক, সেটাই আমরা সহজ ভাবে মেনে নিবো। এবং আগামীতে এক সাথে কাজ করার চেষ্টা করবো।

বিআইজেএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি যুগান্তরের আইসিটি ডিপার্টমেন্ট ইনচার্জ তারিক রহমান, যুগ্ম সচিব কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি, কোষাধ্যক্ষ সমকালের আইসিটি পেজ ইনচার্জ হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক সকালের খবরের আইটি পেজ ইনচার্জ ও প্রিয় টেকে প্রযুক্তি লেখক তারিকুর রহমান খান বাদল, গবেষণা সম্পাদক নয়া দিগন্তের সহ-সম্পাদক (আইসিটি) নাজমুল হোসেন। আর নির্বাহী সদস্যরা হলেন মাসিক কম্পিউটার জগতের সহকারী সম্পাদক এম এ হক অনু ও সংবাদের স্টাফ রিপোর্টার (আইসিটি) কাওসার উদ্দিন।