গণবিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্কের যাত্রা শুরু

(প্রিয় টেক) ঢাকার অদূরে সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্কের (BDOSN) যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে গত ২ আগষ্ট আয়োজিত মুক্ত দর্শন ও আইটি ক্যারিয়ার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। এ সময় মুনির হাসান বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরাই ওপেন সোর্সের মূল হাতিয়ার। তারাই ওপেন সোর্সকে সামনের দিকে এগিয়ে নিবে। আমরা সারা দেশের তরুণ শিক্ষার্থীদের কাছে ওপেন সোর্স পৌছে দিতে চাই বলেন মুনির হাসান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মেসবাহ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভিন বানু, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সাত্তার, বিডিওএসএনের ওমর শেহাব, তাহমিনা আফরোজ, প্রোগ্রাম সমন্বয়ক প্রমি নাহিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎতে ভালো কিছু করার দারুন সুযোগ রয়েছে। প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে তরুনরাই দারুন কিছু করতে পারবে। সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওপেন সোর্স নেটওয়ার্কের যাত্রা শুরু হয়।
এতে ইমতিয়াজ আহমেদ খানকে সভাপতি এবং আছিব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।













