ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত

PriyoTech's picture

(প্রিয় টেক) সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল প্রথম ‘প্রেজেন্টেশন হুইযকিডস : ইন্ট্রা- এফবিএস এইড মেকিং ও প্রেজেন্টেশন কম্পিটিশন।’ ব্যবসায় শিক্ষা অনুষদের স্পার্টান্স কমিউনিকেশন ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। স্পার্টান্স ব্যবসায় শিক্ষা অনুষদের একমাত্র কমিউনিকেশন ক্লাব।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মার্কেটিং বিভাগের দল ‘রেড’। ‘বাল্টিক টাইগার্স’ ও ‘মেসিয়াহ’ নামক ফাইন্যান্স বিভাগের দুটি দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।

ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগ হতে মোট ৫১টি দল প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণ করে। এর মধ্য থেকে সেরা ১০টি দলকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়। এই পর্বে বিষয় ছিল ‘ব্র্যান্ডিং এফবিএস’। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস-এর (এফবিএস) ইতিবাচক দিকগুলো কিভাবে মানুষের কাছে, বিশেষ করে ব্যবসায়ী সমাজ, কর্পোরেট হাউজ ও সম্ভাব্য ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয়া যায়, তা নিয়েই ছিল এই আয়োজন।

প্রতিটি দল তাদের অভিনব পরিবেশনা ও ধারণা দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এফবিএসের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের প্রেজেন্টেশন ও কমিউনিকেশন স্কিল বাড়াতে সাহায্য করবে এবং তাদের আরও দক্ষ মানবসম্পদে পরিণত করবে।’

স্পার্টান্স-এর বর্তমান প্রসিডেন্ট মুহাম্মাদ সাইমুম হোসাইন জানান, ‘এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের কমিউনিকেশন স্কিল বাড়ানো।

আমরা চেয়েছিলাম তাদের মধ্যে থাকা ধারণাগুলো নিয়ে তারা কাজ করুক এবং তা সবার মাঝে ছড়িয়ে দিক। আমি মনে করি, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে এফবিএস-এর সেরাদের আমরা সবার সামনে উপস্থাপন করেছি।’

প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন নামকরা কর্পোরেট হাউস ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এবং শিক্ষকরা। তারা এই অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের প্রতিভা চর্চা করার সুযোগ প্রদান করে।

স্পার্টান্স ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এই প্রতিযোগিতা বছরে দুবার করে অনুষ্ঠিত হবে।