রমজানে শুরু হলো তথ্যপ্রযুক্তি খাতের অসহায়দের তহবিল

PriyoTech's picture

(প্রিয় টেক) তথ্যপ্রযুক্তি খাতের সাথে জড়িত অসহায় ও দরিদ্র মানুষের মানুষের পাশে দাঁড়ানোর যৌথ উদ্যোগ গ্রহন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবা ও দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

চলমান মাহে রমজান মাসে স্মার্ট টেকনোলজিস এর ডিলার প্রতিষ্ঠান সমূহ হতে বিক্রিত প্রতিটি তোশিবা ল্যাপটপের বিক্রয়মূল্য হতে ১১০ টাকা হারে একটি তহবিল সঞ্চয় করা হবে। উক্ত অর্থ সংগ্রহের জন্য ক্রেতাসাধারনের নিকট থেকে বাড়তি কোন চার্জ করা হবে না।

স্মার্ট টেকনোলজিস এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ এ প্রসঙ্গে বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অসংখ্য দক্ষ জনশক্তি কর্মরত আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে ক্রমশই বড় ও পরিপূর্ন হয়ে উঠছে দেশের সার্বিক তথ্যপ্রযুক্তি খাত। এই জনশক্তির মধ্যে অনেকেই আছেন যারা গুরুতর অসুস্থ হলে কিংবা দুর্ঘটনার শিকার হলে পর্যাপ্ত অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা গ্রহন করতে পারেন না। তথ্যপ্রযুক্তি খাতের সেসব অসুস্থ মানুষের সেবার জন্য তোশিবা-স্মার্ট দরিদ্র তহবিল এর অর্থ ব্যয় করা হবে। তিনি আরও বলেছেন, ক্ষুদ্র হলেও জানা মতে দেশের তথ্যপ্রযুক্তি খাতে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। আমরা আশা করছি, ভবিষ্যতে অন্যান্য বৃহৎ আইটি প্রতিষ্ঠানগুলোও এ ধরনের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসবেন।

তোশিবা-স্মার্ট দরিদ্র তহবিল এর সহায়তা পেতে প্রয়োজনীয় প্রমানাদি সহ স্মার্ট টেকনোলজিস বরাবর একটি আবেদনপত্র পাঠাতে হবে। স্মার্ট এর সংশ্লিষ্ট কমিটি উপযুক্ততা ও সত্যতা যাচাই সাপেক্ষে উক্ত অসুস্থ ব্যক্তির সহায়তার ব্যবস্থা গ্রহন করবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা millat@smartbd.net