বাংলাদেশে হিটাচি ডাটা সিস্টেম যাত্রা শুরু

(প্রিয় টেক) বাংলাদেশে যাত্রা শুরু করলো হিটাচি ডাটা সিস্টেম। টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেডের (টিভিএনএল) সহযোগিতায় হিটাচি ডাটা সিস্টেমস করপোরেশন আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে প্রবেশ করলো।
এ উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞ, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, প্রধান তথ্য কর্মকর্তা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রের নির্বাহীরা উপস্থিত থেকে যৌথ ভাবে পথ চলা শুরু করলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিটাচি ডাটা সিস্টেমস ইন্ডিয়া এবং বাংলাদেশের সহ-সভাপতি এবং মহাব্যবস্থাপক ভিভেকানন্দ ভেনুগোপাল। এ সময় তিনি বলেন, এখন থেকে টিভিএনএল হিটাচিকে বাংলাদেশে পরিচিত করে তুলবে। ভার্চুলাইজেশন টেকনোলজির শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে হিটাচি ডাটা সিস্টেমস মনে করে, ডাটা স্টোরেজ সল্যুশনে বাংলাদেশের আছে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ।
টেকভ্যালি নেটওয়ার্ক লিমিটেডের প্রধান নির্বাহী গোলাম রসূল বলেন, ক্রমবর্ধমান অর্থনীতির কারণে বাংলাদেশে তথ্য ও প্রযুক্তির অবকাঠামোগত চাহিদা বিকশিত হচ্ছে। আর তাই হিটাচি ডাটা সিস্টেমসের স্টোরেজ সল্যুশনকে এ দেশের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করবে।
আয়োজকদের পক্ষ জানানো হয়, হিটাচি ডাটা সিস্টেমস এবং টিভিএনএল এখন থেকে একসঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান স্টোরেজ চাহিদা পূরণে ‘র’ ডাটাকে ইনফরমেশনে পরিণত করা, ডাটাকে আরও সহজলভ্য করার সঙ্গে অনায়াসে ডাটা ম্যানেজ করার বিষয়গুলো নিয়ে কাজ করবে।
টিভিএনএলয়ের সঙ্গে যৌথভাবে এ দেশের টেলিকম, ব্যাংকিং, শিল্প এবং সরকারি খাতকে তথ্যপ্রযুক্তি সরবরাহের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন এবং দ্রুত চাহিদা মেটানোর প্রত্যাশা নিয়ে হিটাচি এদেশে এসেছে।










