ইন্টারনেটে টেলিচার্জ চালু করল টেলিটক

(প্রিয় টেক) দেশে প্রথমবারের মতো ইন্টারনেটে টেলিচার্জ 'পে-পয়েন্ট চালু করল রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। এর ফলে এখন থেকে যে কোনো গ্রাহক চাইলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে তার ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে যে কোনো টেলিটক নম্বরে টাকা লোড করতে পারবেন।

রোববার টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। টেলিটককে অনলাইন রিচার্জ সুবিধা কারিগরি সহায়তা দিচ্ছে সূর্যমুখী লিমিটেড নামের একটি তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিটকের বোর্ড চেয়ারম্যান এবং টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, সূর্যমুখীর চেয়ারম্যান এসএম আশিকুজ্জামান।
পে-পয়েন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেন সূর্যমুখীর প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবার নূ্ন্যতম ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন যে কোনো গ্রাহক। এ ক্ষেত্রে গ্রাহক ইন্টারনেটে গিয়ে কয়েকটি ধাপ পূরণ করে যে কোনো টেলিটক নম্বরে রিচার্জ করতে পারবে।
সৌজন্যে: সমকাল












