ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুদিনের ‘ক্যাম্পাস আইটি ফেস্ট ২০১২’

PriyoTech's picture

(প্রিয় টেক) ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির উদ্যোগে ১১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’। ‘আইসিটি এনাবল ক্যাম্পাস ফর বেটার এডুকেশন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ আয়োজিত এ উৎসবে দেশের শীর্ষস্থানীয় ৩০ টি বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষক- শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

উৎসব উপলক্ষে ৭ জুলাই আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের জানানো হয়, ১১ জুলাই সকালে টিএসসি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে উৎসবে অংশগ্রহণকারীদের নিয়ে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।
উৎসবের বিভিন্ন পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, গেমিং কনটেষ্ট, কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক, বিজনেস আইডিয়া প্রতিযোগসহ থাকছে নানা আয়োজন। এছাড়াও চলচ্চিত্র প্রদর্শনী ও মিট দ্যা পার্সোনালিটির আয়োজন থাকছে।

উৎসবে মোট ২টি সেমিনার, ২টি কর্মশালা ও একটি আলোচনা পর্ব থাকছে। এছাড়াও থাকবে ল্যাপটপ ও কম্পিউটার সার্ভিস ডেস্ক। উৎসব চলাকালীন কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা সমাধান করা যাবে এখানে।
এ আয়োজনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস গড়তে প্রস্তাবনাও রাখা হবে।

সংবাদ সম্মেলনের আরো জানানো হয়, এখন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ২০টি প্রকল্প নিবন্ধন করেছে প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য। এসব প্রকল্প থেকে সেরা তিন প্রকল্পকে পুরস্কৃত করা হবে। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও গেমিং কনটেস্টেও ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহন থাকছে।

শিক্ষার্থীদের পাশাপাশি এ আয়োজনে পলিসি মেকার ও শিক্ষকদের নিয়েও সেমিনার করা হবে। এর মাধ্যমে প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস গড়তে পলিসি মেকার ও শিক্ষকদের অর্ন্তভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।
শুধু তাই নয়, এ প্রথমবারের মত তথ্য-প্রযুক্তি নিভর বিতর্কের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা প্রযুক্তির সহয়তা নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করতে পারবে। এটি বারোয়ারি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন স্যামসাং। এছাড়াও এ আয়োজনে পৃষ্ঠপোষক ইন্টেল। এতে সেমিনার পার্টনার বিডিজবস্ ডট কম এবং গ্রামীন-ইন্টেল স্যোসাল বিজনেস। এছাড়াও এতে সর্বোতভাবে সহায়তা করছে বিডিওএসএন এবং আইডিয়া ফ্যাক্টরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিইউআইটিএসের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আলম ভূঁইয়া, স্যামসাং ইলেকট্রনিক্সের হেড অব আইটি মোহাম্মদ এনামুল হক এবং ম্যানেজার, মার্কেটিং মাহমুদ বিন কাইয়ুম। লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল ইমরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান।