যাত্রা শুরু করলো র‍্যাংকসটেল

PriyoTech's picture

(প্রিয় টেক) চারটি নতুন প্যাকেজ নিয়ে আবারও যাত্রা শুরু করল দেশের বৃহত্তম বেসরকারি টেলিকম র‍্যাংকসটেল। গতকাল রাজধানীর একটি হোটেলে র‍্যাংকসটেলের পুনঃযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান ও র‍্যাংকসটেলের প্রধান নির্বাহী এ রউফ চৌধুরী।


এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে ফোনালাপের মাধ্যমে র‍্যাংকসটেলের নবযাত্রার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাংকসটেলের প্রধান পরিচালক আবুল কালাম শামসুদ্দীন, পরিচালক রুমি এ. হাসান, ফজলে সেলিম, র‍্যাংকসটেলের পরিচালক জাকিয়া রউফ চৌধুরী, অপর পরিচালক রোকসানা বেগম ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‍্যাংকসটেলের পুনর্যাত্রা অনুষ্ঠানে ফোনালাপে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু র‍্যাংকসটেলের পরিবারকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবার সাফল্য কামনায় পুনঃযাত্রা উদ্বোধনের ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করে বলেন, র‍্যাংকসটেলের গ্রাহক সেবার মাধ্যমে সবার মন জয় করে নেবে। দেশীয় কোম্পানি হিসেবে দেশের মানুষদের জন্য সাশ্রয়ী প্যাকেজের মাধ্যমে কথা বলারও সুযোগ করে দেবে। এর আগে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ (অব.) ফোনালাপে র‍্যাংকসটেলের নবযাত্রায় শুভেচ্ছা জানান।

র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এ রউফ চৌধুরী বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা এ আনন্দের দিনটির বার্তা সাংবাদিকদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। র‍্যাংকসটেলের ২০০৫ সালের পহেলা বৈশাখে প্রথম যাত্রা শুরু করে এবং ৫ বছরের ব্যবধানে ২০১০ সালে এসে ৩ লাখ গ্রাহকের পরিবারে পরিণত হয়। কিন্তু ২০১০ সালে সরকার ১৯টি পিএসটিএন কোম্পানিকে বন্ধ করে দেয়। সে সময় আকস্মিক এ বাধা পেয়ে আমরা অনেক ব্যথিত ছিলাম। আমরা আবারও ফিরে এসেছি। ইতোমধ্যে ২০ হাজার গ্রাহককে আমরা নতুন করে সংযোগ দিতে পেরেছি।

ফেলে আসা দুঃসময়ের কথা স্মরণ করিয়ে এ রউফ চৌধুরী বলেন, ২০১০ সালে যখন আকস্মিকভাবে কার্যক্রম বন্ধ করার আদেশ পাই, সে সময় আমার চিন্তায় ছিল আমাদের গ্রাহক ও র‍্যাংকসটেলের কর্মকর্তা-কর্মচারীদের কথা। আমরা একজন কর্মচারীকেও ওই সময় চাকরি থেকে অব্যাহতি না দিয়ে ধৈর্য ধরে সুদিনের অপেক্ষায় ছিলাম। সরকারি সিদ্ধান্তে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে এবং আরও কয়েকটি শর্ত মেনে আমরা আবারও ফিরে আসতে পেরেছি। ফ্রিকোয়েন্সি পরিবর্তনের কারণে আমাদের নতুন করে সংযোগ পুনঃ স্থাপন করতে হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে আমরা অল্প সময়েই এ কঠিনতম কাজটি সম্পন্ন করতে পেরেছি। এ সময় তিনি সরকারের কাছে দেশীয় প্রতিষ্ঠানগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, র‍্যাংকসটেলের শিগগিরই নতুন প্রযুক্তির ‘ট্রিপল প্লে’ বাজারে আনবে। এ ছাড়া তিনি সংবাদকর্মীদের জন্য নতুন প্যাকেজ চালুরও ঘোষণা দেন।

র‍্যাংকসটেলের চিফ অপারেটিং অফিসার আবুল কালাম শামসুদ্দীন জানান, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে র‍্যাংকসটেল থেকে র‍্যাংকসটেলে কথা বলা যাবে। এ ছাড়া র‍্যাংকসটেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো গ্রাহকের সঙ্গে কথা বলা যাবে। তিনি র‍্যাংকসটেলের চারটি নতুন প্যাকেজ ‘কথা’, ‘আস্থা’, ‘নিখুঁত রেগুলার’ ও ‘নিখুঁত পিসিও’র পরিচয় তুলে ধরেন। তিনি জানান, পোস্টপেইড ‘কথা’ প্যাকেজের মাধ্যমে গ্রাহকরা দু’শ’ টাকা ভ্যাটের বিনিময়ে র‍্যাংকসটেল টু র‍্যাংকসটেল সম্পূর্ণ বিনামূল্যে কথা বলতে পারবেন।

এ ছাড়াও অন্য প্যাকেজগুলোর পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, এ প্যাকেজগুলো দেশের অন্যান্য অপারেটরের চেয়ে তুলনামূলক অনেক বেশি সাশ্রয়ী।

তিনি জানান, বাজারে বর্তমানে র‍্যাংকসটেলের ১৫০০ ও ২৫০০ টাকার দু’ধরনের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। আগামী মাসে বাজারে আরও দুটি নতুন হ্যান্ডসেট আসবে। এ ছাড়া র‍্যাংগস তোশিবার সব শোরুম র‍্যাংকসটেলের গ্রাহক সেবা কেন্দ্র হিসেবে চালু হবে, যেখানে গ্রাহকরা আগের সেটগুলো বিনামূল্যে মেরামতসহ সব ধরনের সেবা পাবেন।