জনতা টাওয়ার টেকনোলজি পার্ক হওয়ায় বেসিসের আনন্দ সমাবেশ

priyodesk's picture

(প্রিয় টেক) সরকার ঢাকার কাওরান বাজারে অবস্থিত ১৩তলা বিশিষ্ট জনতা টাওয়ারকে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক (এসটিপি) হিসেবে ঘোষণা করায় এবং সম্প্রতি এ ব্যাপারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও টেকনোপার্ক বাংলাদেশ লিমিটেড এর মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বেসিস আনন্দ সমাবেশ আয়োজন করে। বৃহস্পতিবার, ২১ জুন ২০১২, বিকেলে জনতা টাওয়ারেই উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বেসিস সভাপতি মাহবুব জামান তাঁর স্বাগত বক্তব্যে গত ২০১০ সালের ৩ অক্টোবর জাতীয় আইসিটি টাস্কফোর্স সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনতা টাওয়ারকে প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ঘোষণা দেওয়ায় তাঁর এবং বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সফটওয়্যার ও আইটিইএস শিল্পের জন্য এটি একটি বড় অর্জন। দেশের প্রায় ৯০০ কোম্পানির জন্য ঢাকা ও ঢাকার বাইরে এ ধরণের আরো সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক ও আইসিটি ইনকিউবেটর প্রতিষ্ঠার ব্যাপারে তিনি বর্তমান সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। যেহেতু গত ১০ জুন ২০১২ তারিখে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও টেকনোপার্ক বাংলাদেশ লিমিটেড এর মধ্যে পার্ক ব্যবস্থাপনা সম্পর্কিত চুক্তি সম্পাদিত হয়েছে সেহেতু ছয় মাস পর অর্থাৎ, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পার্কটি চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে টেকনোপার্ক বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক-এর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরে একগুচ্ছ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জনতা টাওয়ারের ছবি সম্বলিত কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ আনন্দ সমাবেশ এর শুভ সূচনা করা হয়। বেসিস-এর সাবেক সভাপতি জনাব হাবিবুল্লাহ নেয়ামুল করিম কেক কেটে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বেসিস প্রতিষ্ঠাকাল থেকে গত তের বছর ধরে যে চারটি প্রধান কর্মপরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। জনতা টাওয়ার এসটিপি বাস্তবায়ন তথা মেধাস্বত্ব অধিকার প্রতিষ্ঠার অগ্রযাত্রা তার অন্যতম। তিনি সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। এসময় বেসিস-এর সাবেক ও বর্তমান কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান এবং টেকনোপার্ক বাংলাদেশ লি: এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত আলী বক্তব্য রাখেন। জনাব মুনির হাসান তাঁর বক্তৃতায় সফটওয়্যার টেকনোলজি পার্কের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বেসিস নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আহ্বান জানান এবং এরকম আরো কয়েকটি ভবন খুঁজে বের করে পর্যায়ক্রমে আরো কয়েকটি এসটিপি তৈরির ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান চলাকালীন বেসিস সফটএক্সপো ২০১২ এর 'আবিষ্কারের খোঁজে' শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করেন।

বেসিস-এর এ আনন্দ সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক বেসিস সদস্য ছাড়াও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও জাদু প্রদর্শন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি