বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে এরিকসনের গবেষণা প্রতিবেদন : মনের ভাব প্রকাশে মিসড কল!

PriyoTech's picture

(প্রিয় টেক) বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীরা মনের ভাব প্রকাশে ‘মিসড কল’ দেয়। যেমন, একটি মিসড কল অর্থ ভালো আছি, দুটি মিসড কল অর্থ বাসায় ফিরলাম ইত্যাদি। ব্যক্তিবিশেষে মনের ভাব প্রকাশভঙ্গি যেমন বিভিন্ন ধরনের হয়, তেমনই মুঠোফোনে মিসড কল দিয়ে একেকজন একেক অর্থ প্রকাশ করে।


সুইডেনভিত্তিক টেলিযোগাযোগ-প্রতিষ্ঠান এরিকসনের এক গবেষণা প্রতিবেদনে এ মজার তথ্য পাওয়া গেছে। এরিকসনের এ গবেষণা জরিপের কাজে সাহায্য করেছে নিউইয়র্কের গবেষণা-প্রতিষ্ঠান এসি নিয়েলসন। মূলত ‘বাংলাদেশের জনগণ তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তির জন্য কতটুকু তৈরি হয়েছে’, তা জানতেই সম্প্রতি এই জরিপ ও গবেষণা করেছে এরিকসন।

গবেষণার বরাত দিয়ে বাংলাদেশে এরিকসনের ব্যবস্থাপনা পরিচালক পার হেনরিক নিয়েলসন বলেন, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে একাধিক মোবাইল ফোন সেবাদাতার সংযোগ (মাল্টি সিম) ব্যবহারের প্রবণতা বেশি। সাধারণত নেটওয়ার্ক দুর্বল, কোনোটায় এফএনএফ (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি) নম্বরে কম খরচ, কোনোটায় অফ পিকে (রাত ১২টা থেকে ভোর ছয়টা) কথা বলতে কম খরচ হয়—এ জাতীয় বিভিন্ন কারণে একাধিক সংযোগ ব্যবহারের বিষয়টি জানা গেছে। তবে একাধিক সিম ব্যবহারের এই প্রবণতা শহরের চেয়ে গ্রামীণ এলাকায় বেশি।

গবেষণায় আরও জানা গেছে, শহরের চেয়ে গ্রামে মোবাইল ফোনের সংখ্যা বেশি বেড়েছে। পাশাপাশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শহুরে এলাকায় গত পাঁচ বছরে প্রায় ২০ শতাংশ বেড়েছে। কিন্তু মোবাইল ফোন ব্যবহার বৃদ্ধির হারের তুলনায় মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের হার সে তুলনায় বাড়েনি। এর কারণ হিসেবে গবেষকেরা জানান ইন্টারনেটের সুবিধা ও প্রয়োজন সম্পর্কে না জানা। তবে স্মার্টফোনের মাধ্যমে শহুরে ব্যবহারকারীরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে বলে গবেষণায় উঠে এসেছে।

গবেষণার প্রাথমিক বিষয়ে জানতে চাইলে এরিকসনের আঞ্চলিক প্রধান বিষ্ণু সিংহ ভিডিও সম্মেলনে বলেন, মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট, পাবলিক কল সেন্টার বা পিসিও, সিম বদলানোর প্রবণতা, বিশ্বের তথ্যপ্রযুক্তির মহাসড়কের সঙ্গে সংযুক্ততা এবং ভিডিও চ্যাট নিয়ে জরিপ চালানো হয়। ১৫ থেকে ৫০ বছরের বেশি বয়সের তিন হাজার মানুষের মধ্যে এই জরিপ চালানো হয়। এদের মধ্যে ৪১ শতাংশ ছিল রাজধানীর এবং ৫৯ শতাংশ বিভিন্ন এলাকার বলে জানান তিনি।

এদিকে ইন্টারনেট ব্যবহারে বেশি আগ্রহী নয় বাংলাদেশিরা। জরিপে দেখা গেছে, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে মূলত নগরকেন্দ্রিক গ্রাহকেরা। ফেসবুক, টুইটার; গান-গেমস ডাউনলোড বা ই-মেইলের মধ্যেই মোটামুটি মোবাইল ইন্টারনেট সীমাবদ্ধ। এ জন্য ইন্টারনেট সম্পর্কে অজ্ঞতা এবং ইন্টারনেটের মাধ্যমে দৈনন্দিন জীবনকে সহজ করার বিষয়ে না জানাকে দায়ী করেছেন এরিকসনের গবেষকেরা।

সৌজন্যে : প্রথম আলো

Tags: