অনুষ্ঠিত হলো বিজনেস ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

(প্রিয় টেক) বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-র সহযোগিতায় ৫ মে থেকে শুরু হয়েছে ‘বিজনেস ডেভেলপমেন্ট’ এবং ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ কর্মসূচি। এ উপলক্ষ্যে ৫ মে সকালে ধানমন্ডিস্থ সার্ভিসেস ফর প্রফেশনাল এডুকেশন এন্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (স্পীড)-এর কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আর আই এম আমিনুর রশিদ।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো: ফয়েজউল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর ড. খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির রিসার্চ, এডুকেশন এন্ড এইচ আর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ.কে.এম শামসুল হুদা এবং স্পীড এর নির্বাহী পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ। এছাড়াও প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মো: শাহিদ-উল-মুনীর।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আমিনুর রশিদ বলেন, প্রশিক্ষণ যে কোন মানুষের কার্যকর পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখে। বিশেষ করে ব্যবসায়ীরা যখন প্রশিক্ষণ নিতে আসেন তখন বিষয়টির কার্যকারিতাও বহুগুণ বাড়ে, কেননা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা তারা তাদের ব্যবসায়ে সমৃদ্ধি আনয়নে প্রয়োগ করতে পারেন। তিনি আরও বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের আইসিটি খাতের শীর্ষ সংগঠন হিসেবে এ ধরণের উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গঠনে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সহ-সভাপতি মো. মঈনুল ইসলাম, সমিতির কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক এ.টি.শফিক উদ্দিন আহমেদ এবং মজিবুর রহমান স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় প্রশিক্ষণ। ৫ মে বিসিএস সদস্য প্রতিষ্ঠানের প্রধানদের জন্য ‘বিজনেস ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ কর্মসূচিতে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র তুলে দেন স্পীড-এর নির্বাহী পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ।
আগামী ৮ ও ১০ মে বিসিএস সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ১৪ মে বিসিএস সদস্য প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে আরও ৩টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছে সার্ভিসেস ফর প্রফেশনাল এডুকেশন এন্ড এন্টাপ্রাইজেস ডেভেলপমেন্ট (স্পীড)।










