প্রকৃত ফ্রিল্যান্সিং সম্পর্কে সচেতনতা দরকার: আরিফুল ইসলাম শাওন

(প্রিয় টেক) আরিফুল ইসলাম শাওনের ফ্রিল্যান্সিং শুরুর ঘটনাটি বেশ চাঞ্চল্যকর। ২০০৭ সালের শুরুর দিকে ঘটনা, তখন অনেকের কাছেই শুনতেন ইন্টারনেটে টাকা আয়ের ব্যাপারে, তবে জানতেন না কিভাবে স্বাধীন দুনিয়ার এ কাজ পাওয়া যায়। ইন্টারনেটে তখন এ নিয়ে শুরু হলো খোঁজখবর নেয়া। এরপর সফলতা পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে...। দেশের ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আরিফুল ইসলাম শাওন এখন বেশ পরিচিত নাম। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজই বেশি করেন তিনি। সম্প্রতি একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানও শুরু করেছেন, ফ্রিল্যান্সার হিসাবেও বেশ সফল। সম্প্রতি প্রিয় টেক প্রতিনিধিকে শুনিয়েছেন তাঁর ফ্রিল্যান্সার হওয়ার গল্প। জানিয়েছেন তার ক্যারিয়ার পরিকল্পনার কথাও।

প্রিয় টেক: ফ্রিল্যান্সিংয়ে আসার প্রথমদিকের গল্পটা শুনতে চাই..
আরিফুল ইসলাম শাওন: ফ্রিলান্সিং এ আমার শুরুটা হয়েছিল অনেকটা নাটকীয়তার মাঝে। ২০০৬ সালে আমি এসএসসি পাস করি। এরপর ব্যক্তিগত সমস্যায় বাধ্য হয়েই পড়াশুনা থেকে দূরে থাকতে হয়েছে ১টি বছর। আমার লক্ষ ছিল পড়াশুনা থেকে দূরে থাকলেও আমি যেন অন্য কিছুতে সময়গুলোকে কাজে লাগাতে পারি। ২০০৬ এর মাঝামাঝি সময় থেকে ২০০৭ এর শেষ পর্যন্ত টানা কয়েকটি কম্পিউটার কোর্স করি। ইন্টারনেটে কিভাবে আয় করতে হয় সেই খোঁজ করতে থাকি ব্যাপকভাবে। সেসময় হয়তো রংপুরে হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কেউ ইন্টারনেটে আয় করতেন না বা ব্যাপারটি জানতেনও না। কোনভাবে অভিজ্ঞ একজনের খোজ পেলাম সেসময়। পরামর্শ পেলাম নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা অর্জনের। এরপর গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার হার্ডওয়্যারের উপরে দীর্ঘ মেয়াদি দুটি কোর্স করি। এ বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন নিয়ম কানুনও শিখে ফেলেছিলাম।
প্রিয় টেক: এখন কি কাজ করেন মূলত?
আরিফুল ইসলাম শাওন: আমি মূলত ওয়েবসাইট ডিজাইনের কাজ করি। পাশাপাশি নিয়মিত ব্লগিংও করে থাকি।
প্রিয় টেক: লেখাপড়া কোথায় করেছেন বা করছেন.. কোন সাবজেক্ট-কোন সেমিস্টার/বছর...
আরিফুল ইসলাম শাওন: বর্তমানে লেখাপড়া করছি বিবিএস দ্বিতীয় বর্ষে একাউন্টিং নিয়ে রংপুর সরকারী কলেজে।
প্রিয় টেক: বর্তমানে স্বাধীনভাবে নাকি দলগত ভাবে কাজ করছেন..
আরিফুল ইসলাম শাওন: প্রথমের দিকে একাই স্বাধীনভাবে কাজ করলেও একসময় ২/৩টা দল তৈরি করি। কারন ছোট খাটো কাজ একাই করতে পারলেও একটু বড় মাপের কাজ একাই শেষ করতে পারতাম না নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন একটি শক্তিশালী ফ্রিল্যান্সিং দল রয়েছে আমার।
প্রিয় টেক: বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় সমস্যা কোনটি বলে মনে করেন...
আরিফুল ইসলাম শাওন: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফ্রিলান্সারদের সমস্যার শেষ নাই। তবে কাজ করা এবং তার থেকে পাওয়া অর্থ নিজের কাছে নিয়ে আসা এদুটি বিষয়ে অনেক সমস্যার মধ্যে যেটি সবচেয়ে বড় সমস্যা ছিল, সেই পেপাল পেতে যাচ্ছি শীঘ্রই। এছাড়া ফ্রিল্যান্স বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন নেয়ার মত প্রতিষ্ঠান নাই। হাতে গুনা কিছু থাকলেও বেশির ভাগই রাজধানী কেন্দ্রিক। অন্যান্য জেলা বা বিভাগীয় শহরগুলো যেখানে আজও আইটি শিক্ষার ভাল কোন প্রতিষ্ঠান নেই। আর ফ্রিলান্সিং নাম করে ডুল্যান্সার স্কাইল্যান্সারের মতো অনেকেই দেশীয় টাকা লুট করার ব্যবসায় নেমেছে কিন্তু এ বিষয়ে সরকারের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। ফ্রিলান্সারদের পক্ষ থেকে আমার দাবি, বেসিস(বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস) যেহেতু ফ্রিলান্সারদের চিন্তার মূল্যায়ন করে, ফ্রিল্যান্সারদের নিয়ে ভাবে, তাঁরা এই বিষয়টি নিয়ে তদারকি শুরু করতে পারেন। এই ধরনের কার্যকলাপ বন্ধ না করতে পারলে কয়েকদিন পর হয়তো মানুষ ফ্রিলান্সিং মানে এমএলএম-র মাধ্যমে সাধারণের টাকা লুট করাকেই বুঝবেন। প্রকৃত ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষের সচেতনতা দরকার বলে আমি মনে করি।
প্রিয় টেক: ভবিষ্যতে কি ফ্রিল্যান্সিংকেই ক্যারিয়ার হিসাবে নিতে চান নাকি প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে চান?
আরিফুল ইসলাম শাওন: পড়াশুনা শেষ করে চাকুরী পাবো এমন আশায় থাকা বসে থাকতে চাইনা। এখন ঘরে বসে কাজ করছি, কয়েকদিন পর প্রাতিষ্ঠানিক ভাবে করবো এটি নিশ্চিত। রংপুরে একটি ফ্রিলান্স ভিত্তিক আইটি ফার্ম প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে। শীঘ্রই বড় আকারে এটি শুরু করতে পারবো বলেই বিশ্বাস।
প্রিয় টেক: নতুনদের জন্য কি পরামর্শ দিবেন..
আরিফুল ইসলাম শাওন: প্রতিনিয়তই 'শিখতে হবে'। আপনি যদি ইন্টারনেট থেকে টাকা আয় করতে ইচ্ছুক হন তবে গঠনমুলক এবং ক্রিয়েটিভ কোন কাজ শিখুন এবং সেগুলো নিয়ে ফ্রিলান্সিং করুন। প্রতিনিয়তই নিজেই নিজেকে নিজের কাজের সফলতা এবং ব্যর্থতার জন্য প্রশ্ন করুন। তাহলেই আপনার আগ্রহ জন্মাবে কি করলে ব্যর্থতাগুলোকে দূর করতে পারবেন। প্রতিটি কাজ পেতে ধৈর্য ধারন করুন। একবারেই কাজ পাবেন এমন মানুসিকতা মুছে ফেলুন মন থেকে। কাজ করুন স্বীকৃত ফ্রিলান্স সাইট গুলোতে।
প্রিয় টেক: আপনার মাসিক আয় কেমন এখন?
আরিফুল ইসলাম শাওন: ফ্রিলান্সারদের জন্য প্রতিমাসে ঠিক কত আয় হয় বা হবে এটা ঠিক বলা সম্ভব হয় না। কারন কাজের ব্যপ্তি অনুযায়ী আয় উপার্জন নির্ভর করে। আমার গড়ে ৩০/৪০ হাজার টাকা আয় হয়।








