দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 'রে' নামক স্মার্টফোন তৈরি করবে কোয়ালকম

(প্রিয় টেক) অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্টফোন বের করার সিদ্ধান্ত নিয়েছে চিপ নির্মাতা কোয়ালকম। প্রতিষ্ঠানটি অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরণের ডিভাইস নির্মাণকারী প্রতিষ্ঠান প্রজেক্ট রে লিমিটেড একত্রিত হয়ে রে নামক একটি ডিভাইস তৈরি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী ২৮৫ মিলিয়ন মানুষ দৃষ্টিশক্তি সমস্যায় আক্রান্ত। যার মাঝে ৩৯ মিলিয়ন অন্ধ এবং ২৪৬ মিলিয়ন স্বল্প দৃষ্টি সম্পন্ন। এই অন্ধ এবং দৃষ্টি-শক্তিহীন ব্যক্তিদের অধিকাংশই ফোন হিসেবে সাধারণ ২জি ফোন ব্যবহার করে থাকে। এছাড়া তারা অডিও বই, কালার রিডার, ন্যাভিগেশন টুল, ব্রেইল, বিশেষ বার কোড স্ক্যানার এবং বড়-বাটন সমৃদ্ধ এবং ভয়েস সুবিধাযুক্ত এমপি ৩ প্লেয়ার ব্যবহার করে থাকে। যার বেশিরভাগই ব্যয়বহুল।
আর তাই উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে অ্যানড্রয়েড ওএস ভিত্তিক এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত রে নামক ডিভাইসটি নির্মাণ করেছে। অ্যানড্রয়েড ভিত্তিক হবার কারণে এই ডিভাইসটি ফোন কল ছাড়াও অন্য সকল ডিভাইসের কাজ সাফল্যের সাথে সম্পাদন করতে পারবে। সাশ্রয়ী মূল্যের এই হ্যান্ডসেটে থাকছে ব্রডব্যান্ড সুবিধা এবং চোখে দেখার প্রয়োজন হয় না এমন একটি ইউজার ইন্টারফেস।
প্রজেক্ট রে এর প্রধান নির্বাহী বোজ জিলমার নতুন এই ইউজার ইন্টারফেসটি শূন্য থেকে তৈরি করা হয়েছে বলে জানান। ব্যবহারকারীরা টাচস্ক্রিনের যে স্থানে আঙ্গুল রাখবে সেটিই স্টার্টিং পয়েন্ট হিসেবে নির্ধারিত হবে। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই তার প্রয়োজনীয় অ্যাপটি চালু করতে পারবে। ফোনের বিল্ট ইন ভাইব্রেশন এবং ভয়েস প্রম্পট ব্যবহারকারীকে ফিডব্যাক পেতে সাহায্য করবে। এছাড়া ব্যবহারকারীর ব্যবহারের ধরণ এবং পছন্দ শিখে নেয়ার ক্ষমতাও থাকছে ইউআইতে।













