ক্লাসে মনযোগী করে ভালো গ্রেড পেতে সাহায্য করে টুইটার!

fatema promy's picture

(প্রিয় টেক) জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট টুইটার সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচিত, সমালোচিত এবং কিছু কিছু ক্ষেত্রে হয়েছে প্রশংসিত। এমনকি তাদের অনেক সমর্থক এবং সমালোচক ‘আরব স্প্রিং’-কে সাহায্য এবং ইরানের ‘গ্রিন রেভ্যুল্যুশন’ সমর্থনের অভিযোগ করেছে টুইটারের বিরুদ্ধে। তবে সকল বিতর্কের মাঝে থেকেও এবারে বেশ প্রশংসা ও সম্মানসূচক স্বীকৃতি পেল টুইটার। সাম্প্রতিক এক জরীপে দেখানো হয়েছে টুইটার ছাত্রদের পড়াশোনায় সাহায্য করে! মিশিগান স্টেট ইউনিভার্সিটি’র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্রিস্টিনা গ্রিনহাউ তার জরীপে এমনটাই তথ্য দিয়েছেন।

তিনি দেখেছেন, ছাত্ররা তাদের পড়াশোনার কাজেও এই মাইক্রো ব্লগিং সাইটটি ব্যবহার করতে পারে। এমনকি এই সাইট ব্যবহার করে তারা পরীক্ষাতে ভালো গ্রেড পাচ্ছে বলেও জানান তিনি। প্রকৃতপক্ষে তিনি মনে করছেন টুইটার ছাত্রদের সাহিত্য বিকাশে বেশ সহায়ক ভূমিকা পালন করছে। অন্তত: তারা সাহিত্য চর্চা এবং বিকাশের জন্য একটা প্ল্যাটফরম পেয়েছে বলে মনে করেন এই শিক্ষক। তিনি এই জরিপের নাম দিয়েছেন, “টুইটারেসিঃ টুইটিং অ্যাজ অ্যা নিউ ফর্ম অব লিটারারি প্র্যাকটিস”। তিনি সাহিত্য বিকাশ সহ ছাত্রদের পড়াশোনাকে উন্নত করতে টুইটারের ভূমিকা তুলে ধরেন এতে। এবং এই সুযোগে ছাত্ররা তাদের পরীক্ষায় অনেক ভালো নম্বর পাচ্ছে, এমনটাও বলেন তিনি।

গ্রিনহাউ তার ক্লাসে প্রতিটি ছাত্রের টুইটার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। তারপর সারা সেমিস্টার জুড়ে তিনি পড়াশোনার জন্য নানা ভাবে তাদেরকে টুইটার ব্যবহার করিয়েছেন বলে জানা যায়। টুইটার ব্যবহার করে শিক্ষাদান করে তার উপলব্ধি, ছাত্ররা আগের চেয়ে পড়াশোনায় অনেক মনোযোগী হয়েছে। তিনি জানান, এতে পড়াশোনার সাথে তাদের সম্পৃক্ততা এবং ভালবাসা বৃদ্ধি পেয়েছে।

যদিও এই জরিপ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ছাত্রদের উপরেই চালানো হয়েছে এবং রয়েছে অনেক বিতর্ক। তবে এটাও ঠিক, গ্রিন হাউ তার ছাত্রদের মাঝে এর ভালো প্রভাবটাই দেখতে পেয়েছেন। তাই পড়াশোনা কিংবা সাহিত্য চর্চার প্ল্যাটফরম হিসেবে আপনিও ব্যবহার করতে পারেন এই মাইক্রো ব্লগিং সাইট।

আসুন গ্রিনহাউ-এর মত ছোটখাটো একটা জরীপ আমরা নিজেরাই করে ফেলি। আপনি কি টুইটার ব্যবহারকারী এবং ছাত্র? আপনি কি আপনার পড়াশোনায় কিংবা সাহিত্য চর্চায় টুইটার ব্যবহার করেন? এটা আপনার জন্য কতোটা সহযোগী বলে মনে করেন? আপনার মতামত জানিয়ে যেতে পারেন মন্তব্য অংশে।