ইনফরমেটিকস অলিম্পিয়াডে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ

(প্রিয় টেক) তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল অলিম্পিক ইন ইনফরমেটিকস (আইওআই) এর ২৪তম আসরে দুইটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াড ২০১২ এর অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের ধনঞ্জয় বিশ্বাস ও বৃষ্টি শিকদার এ দুইটি পদক অর্জন করেন। ধনঞ্জয় বিশ্বাস ২১৯ নম্বর পেয়ে ৮৯তম এবং বৃষ্টি শিকদার ১৬৯ নম্বর পেয়ে ১৪৩তম স্থান দখল করেন। এছাড়া আরও দুইজন প্রতিযোগী মোঃ নাফিস সাদিক ১২৪ নম্বর পেয়ে ১৮৭তম স্থান এবং নূর মুহাম্মাদ শফিউল্লাহ ১১৬ নম্বর পেয়ে ২০০তম স্থান দখল করেন। ইতালির সিরমিয়ন শহরে গত ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রতিযোগিতা আইওআই।

৮৯তম স্থানে থাকা ধনঞ্জয় বিশ্বাস ধনঞ্জয় চট্টগ্রামের ছেলে। বাবা মিলন কান্তি বিশ্বাস একজন ব্যবসায়ী এবং মা স্বাস্থ্য-সহকারী স্বপ্না রানী দে খুব খুশি ছেলের এই সাফল্যে। দুই ভাইয়ের মধ্যে ধনঞ্জয় বড়। গত কিছুদিন আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের পক্ষে ২৫ নম্বর পেয়ে প্রথম রুপার পদক পান ধনঞ্জয় বিশ্বাস। এছাড়া গত বছর নেদারল্যান্ডে অনুষ্ঠিত ৫২তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করে ধনঞ্জয়। আর এবার আইওআই প্রতিযোগিতায় তিনি আরেকটি বিজয় অর্জন করলেন। বড় হয়ে গণিত ও পদার্থ নিয়ে পড়াশোনা করতে চায় ধনঞ্জয়।

এদিকে এবারের ইনফরমেটিকস অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পাওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ ফলাফলের জন্য বিশেষ পুরস্কার জিতেছে বৃষ্টি শিকদার। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করেছে পিএইচপি গ্রুপ। আর এবারই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আইআইওতে অংশ নেন চার প্রতিযোগী। এবারের আইআইওতে ৮১টি দেশের ৩১৭ জন প্রতিযোগী অংশ নেন।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটি দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। দেশে পাঁচটি বিভাগীয় এবং পরে জাতীয় অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে আইওআইয়ের দল দলগঠন করা হয়।













