'মিট দা টেকনোলজি লিডার' অনুষ্ঠানে তরুণ প্রজন্ম মিলিত হল জন ই ডেভিস এর সাথে

(প্রিয় টেক) আজ ১৬ই সেপ্টেম্বর ২০১২ তারিখ সকাল ৯:০০ টায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের উদ্যোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীর উত্তম লেফটেনেন্ট আনোয়ার গার্লস কলেজ, রাউজক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, বি আই এস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে আগত অধ্যক্ষ ও ৪০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল "মিট দা টেকনোলজি লিডার" অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রাম-এর ভাইস প্রেসিডেন্ট জন ই. ডেভিস। তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি সম্পর্কে আলোকিত করা ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
জন ই. ডেভিস ইন্টেল এর পরিসর বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। তথ্যপ্রযুক্তির সুযোগ কোটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে তার অবদান অসামান্য। তিনি এখন ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রাম এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলোতে তথ্যপ্রযুক্তির ব্যাপারে প্রধান ভূমিকা পালন করছেন। তার মাধ্যমেই বাংলাদেশে এই প্রথম প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে সহজলভ্য কম্পিউটার প্রদান কর্মসূচী চালু হচ্ছে।

মিট দি টেকনোলজি লিডার অনুষ্ঠানের কর্ণধার ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি। তিনি বাংলাদেশে শিক্ষকদের জন্য প্রথম ইন্টেল এর প্রশিক্ষণ চালু করেন।

ছাত্র-ছাত্রীদের সঙ্গে জন খোলা আলোচনায় শিক্ষা ও প্রযুক্তি সম্পর্কে তার ভাবনা ব্যক্ত করেন। এরপর ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর পর্বে তাদের প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষকদের মাঝে ল্যাপটপ প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।









