ফক্সকন আইফোন উৎপাদন কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন কর্মীরা!

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) চীনের একটি প্রতিষ্ঠিত গণমাধ্যম সাংহাই ইভনিং পোস্ট সম্প্রতি ফক্সকন আইফোন উৎপাদন কেন্দ্রে কর্মীদের জীবনযাত্রার মান সম্পর্কিত এক হৃদয় বিদারক খবর প্রকাশ করেছে। সাংহাই ইভনিং পোস্ট তাদের একজন সাংবাদিককে কিছু দিনের জন্য ফক্সকনের এই উৎপাদন কেন্দ্রে প্রেরণ করে, ঐ সাংবাদিক উৎপাদন কেন্দ্রে নিজেকে একজন নতুন কর্মী বলে পরিচয় দেয়। তার লক্ষ্য ছিল আইফোন-৫ কিভাবে তৈরি হয় তা পর্যবেক্ষণ করা। তিনি দশ দিন সেখানে অবস্থান করেন ও কর্মীদের অত্যন্ত নিম্নমানের জীবনযাপন অবলোকন করেন। ফক্সকন

সম্প্রতি "তাই ইয়েন" উৎপাদন কেন্দ্রে শ্রমিকদের ঘন ঘন কর্মবিরতিকে কেন্দ্র করে আলোচনায় আসে, কোম্পানিটি এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি কিন্তু সাংহাই ইভনিং পোস্টের সাংবাদিকের উৎপাদন কেন্দ্রে অবস্থানের মধ্য দিয়ে আসল কারণ সকলের দৃষ্টিগোচর হল।

কর্মীদের ধর্মঘট সংঘটিত হবার কিছুদিন পূর্বেই ফক্সকন আইফোন-৫ তৈরি করার নির্দেশ পায়, তারা প্রতি বছর ৫৭ মিলিয়ন আইফোন ৫ প্রস্তুত করার লক্ষে প্রায় ২০,০০০ শ্রমিক নিয়োগ করে। কিন্তু নতুন এই শ্রমিকদের থাকার জায়গা বা খাবার ভাল ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে করা হয় নি।

সাংহাই ইভনিং পোস্টের সাংবাদিক বলেন, ফক্সকন ফ্যাক্টরির শ্রমিকদের থাকবার ডরমিটরি অস্বাস্থ্যকর ও আবর্জনায় ভরপুর, প্রায় সব রুমের সামনে পরে আছে আবর্জনার স্তূপ, খাবার জন্য যে ডাইনিং রুম ব্যবহার করা হয় সেটি মোটেও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও সেখানে নেই।


শুধু কি অপরিচ্ছন্নতা? উপরন্তু কর্মীদের প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয়। কিছু কিছু কর্মীদের অতিরিক্ত কাজের চাপ ও প্রত্যাশিত জীবন মান না পাওয়ায় মানসিক নানান সমস্যাও তিনি লক্ষ্য করেছেন। নতুন নিয়োগ পাওয়া কর্মীদের কঠোর ভাবে বড়দের আদেশ নিষেধ মেনে চলতে বলা হয়। কিন্তু এই সুযোগে প্রশিক্ষকরা তাদের উপর নানান অবিচার ও অন্যায় করে থাকে। এই খবর প্রকাশিত হবার পর সচেতন মহলে বেশ সাড়া পরে যায়। ফক্সকন অনেক স্বনামধন্য কোম্পানি হওয়া সত্ত্বেও কর্মীদের সাথে তাদের এই আচরণে অনেকেই ক্রুদ্ধ হয়েছেন।