ফোনালাপের চাইতে বার্তা পাঠাতে সাচ্ছন্দ্যবোধ করছে যুক্তরাজ্যের বাসিন্দারা

PriyoTech's picture

(প্রিয় টেক) কথা বলার চাইতে বার্তা পাঠানোর ব্যাপারে সিদ্ধহস্ত হয়ে উঠেছে যুক্তরাজ্যের বাসিন্দারা। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে দেশের বাসিন্দারা বন্ধু-বান্ধব এর সাথে যোগাযোগ রক্ষার জন্য ফোনালাপের চেয়ে বার্তা পাঠাতে বেশি পছন্দ করে।

সমীক্ষাটি চালিয়েছে দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অফকম (বিটিআরসি এর ন্যায় সংস্থা)। মোট ১৯৮০ জন প্রাপ্ত বয়স্কদের মধ্যে জরীপটি চালায়। এদের মাঝে ৫৯% জানিয়েছে তারা দৈনিক কমপক্ষে একটি টেক্সট মেসেজের মাধ্যমে, ৪৯% মুখোমুখি সাক্ষাতের মাধ্যমে, ৪৭% কথা বলে, ৩২% সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে এবং ৩০% ইমেইলের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের বেশির ভাগ মানুষ মোবাইলে কথা বলার চাইতে বার্তা লিখে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার কারণে দেশটিতে প্রথমবারের মতো মোবাইল কলের পরিমাণ কমে গেছে।

তবে এটা ভাবার কোন অবকাশ নেই যে এ ভাবে যোগাযোগ রাখতে তারা খুশী বোধ করে, বরং সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে - এভাবে যোগাযোগ করাটা সবচেয়ে সহজ। প্রশ্নের জবাবে ৬৭% মানুষই জানিয়েছেন যোগাযোগ রক্ষার ক্ষেত্রে তাদের সবচেয়ে পছন্দের পদ্ধতিটি হচ্ছে মুখোমুখি সাক্ষাৎকার, ২০% ফোনালাপের মাধ্যমে আর মাত্র ৫% বার্তার মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পছন্দ করে থাকেন।

তবে যুক্তরাজ্যের চাইতেও মার্কিন যুক্তরাষ্ট্রে বার্তা আরো বেশি পছন্দ বলে জানা গিয়েছে। পিউ রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত এক সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যোগাযোগের মাধ্যম হিসেবে ৫১% প্রাপ্ত বয়স্কের পছন্দ ফোনালাপ, আর ৩১% বার্তা পাঠিয়ে যোগাযোগ রক্ষা করতে পছন্দ করেন। তবে এ সমীক্ষায় বার্তা মাধ্যমে তারা আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করতে নাকি দাপ্তরিক বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করেন সে ব্যাপারে উল্লেখ করা হয় নি।

দেশটির প্রাপ্ত বয়স্ক গ্রাহকেরা সপ্তাহে গড়পড়তা ৫০টি বার্তা পাঠিয়ে থাকে। যা গত চার বছরের চাইতে দ্বিগুণ। গত বছর তারা ১৫০ বিলিয়ন বার্তা পাঠিয়েছেন। ফলে মোবাইল এবং ল্যান্ড লাইনে কলের হার যথাক্রমে ১% এবং ১০% কমে গিয়েছে।

বর্তমানে দেশটি পাঁচ ভাগের দুই ভাগ মানুষের হাতে স্মার্টফোন এবং ১০% কাছে ই-রিডার জাতিয় ডিভাইস রয়েছে বলে জানা গিয়েছে। ইন্টারনেট সংযোগ সুবিধা যুক্ত টেলিভিশন এখন দেশটির ৫% ব্যবহারকারীর হাতে চলে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং প্রতিটি গৃহে কমপক্ষে তিনটি ডিভাইস রয়েছে যেগুলোতে ইন্টারনেট সংযোগ সুবিধা রয়েছে।

প্রতিবেদনটি থেকে আরো জানা গিয়েছে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণদের প্রায় ৯৬ শতাংশ তাদের পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে দৈনন্দিন যোগাযোগ রক্ষায় টেক্সটকে প্রাধান্য দিচ্ছে। ৯০ শতাংশ বার্তা পাঠিয়ে আর ৭৩ শতাংশ সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে প্রয়োজনীয় আলাপ সারছেন।

Tags: