প্রধানমন্ত্রীকে ফেসবুকে হুমকি : বুয়েট শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

PriyoTech's picture

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে বিপাকে পড়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক আন্দোলনের নেতা হাফিজুর রহমান রানা। তবে শিক্ষক সমিতির নেতারা এখন তাকে রক্ষার চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ শিক্ষকের অপরাধ প্রমাণিত হয়েছে। ডিবির (ডিটেক্টিব ব্রান্স) তদন্তে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার ঘটনা প্রমাণিত হওয়ার পর দ-বিধির ৫০৬ ও তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭(১) ধারায় মামলা দায়ের করলে গতকালই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মহানগর হাকিম সুনন্দ বাগচি গতকালই আসামি রানাকে গ্রেফতার করতে শাহাবাগ ও বরিশালের উজিরপুর থানাকে নির্দেশ দিয়েছেন।


ছবি: ফাইল ফটো

এ অবস্থায় বিতর্কিত এ শিক্ষক নেতাকে বুয়েট ক্যাম্পাস থেকে পুলিশ যাতে আটক না করে তার জন্য উপাচার্য অধ্যাপক ড. এসএম নজরুল ইসলামের কাছে ধরনা দিচ্ছেন সুবিধাবাদী শিক্ষক নেতারা। তবে হাফিজুর রহমান রানাসহ তার মদতদাতা শিক্ষক নেতাদের কঠোর শস্তির দাবি তুলেছেন বুয়েটের সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

ডিবির তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ওই শিক্ষক যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন তা তদন্তে প্রমাণিত হয়েছে। তিনি নানাভাবে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করেছিলেন। কিন্তু সাইবার অপরাধ বিশেষজ্ঞরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে বলেও ডিবি কর্মকর্তা জানান।

পুলিশ জানিয়েছে, আদালতের আদেশ ঢাকার শাহবাগ থানায় ও আসামির গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থানার পাঠিয়ে দেয়া হয়েছে। শনিবার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন, আদেশের পরদিন ছুটি থাকায় আদেশের কপি পেতে কিছুটা দেরি হচ্ছে। এর আগে গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে এ শিক্ষক নেতার দেয়া হত্যার হুমকির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে জিডি (নম্বর-১৪০৩) করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান রানার কাছে ঘটনার বিষয়ে দ্রুত ব্যাখ্যা চেয়ে নোটিস দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সৌজন্যে: সংবাদ