এমএসআই এর উইন্ডোজ এইট ভিত্তিক পরিবর্তনশীল আলট্রাবুক এস২০ স্লাইডবুক

PriyoTech's picture

(প্রিয় টেক) এমএসআই এর এস২০ স্লাইডবুক এর সাথে আমাদের প্রথম পরিচয় হয় কম্পিউটেক্স ২০১২ মেলায়। উইন্ডোজ এইট ভিত্তিক পরিবর্তনশীল আলট্রাবুকটি অত্যন্ত হালকা (ওজন মাত্র এক কেজি) এবং পাতলা (০.৭৮"/১৯.৮ মিমি) হলেও যে কোন কাজ অনায়াসে সম্পাদনের জন্য রয়েছে ইন্টেলের আইভি ব্রিজ কোর আই ফাইভ প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট এমসাটা এসএসডি।

এই আলট্রাবুকটির ১১.৬" পর্দায় রেজ্যুলুশন হিসেবে ব্যবহার করা হয়েছে ১৯২০X১০৮০-পিক্সেলের আইপিএস প্যানেল। সাথে রয়েছে একই সাথে ১০টি স্থানে আঙ্গুলের ছোঁয়া চিহ্নিত করতে সক্ষম এমন ক্যাপাসিটিভ মাল্টিটাচ লেয়ার এবং এইচডি ক্যামেরা। আলট্রাবুকটির সামনের কাচটি ঘিরে রেখেছে চকচকে সাদা বেজেল এবং রয়েছে এমএসআই আর উইন্ডোজ বাটন।

পেছনের কভারটি তৈরিতে ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহার করা হয়েছে এবং বি/জি/এন ওয়াইফাই, ওয়াইডাই এবং ব্লুটুথ ৪.০ অ্যান্টেনার জন্য একই রঙের প্লাস্টিকের আচ্ছাদন ব্যবহার করা হয়েছে।

আলট্রাবুকটির বেশিরভাগ পোর্ট ডানদিকে স্থান পেয়েছে সাথে রয়েছে পাওয়ার/লক কি এবং লেড বাতি। পোর্ট হিসেবে পাবেন ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মিনি-এইচডিএমআই আউটপুট এবং এক জোড়া ইউএসবি ৩.০ সংযোগ। আলট্রাবুক হওয়া স্বত্বেও এমএসআই বাম পাশে একটি গিগাবাইট ইথারনেট পোর্ট দিতে সক্ষম হয়েছে, রয়েছে এসডি কার্ড রিডার, অরিয়েন্টেশন লক বাটন আর পেছনে রয়েছে ভলিউম রকার।

এই আলট্রাবুকটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নিমিষেই ট্যাবলেট থেকে ল্যাপটপ এ পরিবর্তনের সুবিধা। আলট্রাবুকটির স্ক্রিন স্লাইডের মাধ্যমে উপরে উঠে যায় এবং নিচ থেকে একটি চিকলেট কিবোর্ড বের হয়ে আসে। স্লাইডার হওয়া স্বত্বেও এমএসআই যে কিবোর্ড ব্যবহার করেছে তা অত্যন্ত উন্নত মানের। এই আলট্রাবুকটির আরেকটি বড় সুবিধা হচ্ছে স্লাইডার হলেও পর্দাটি আপনি যে কোন অ্যাঙ্গেলে রাখতে পারবেন, একদম সমান্তরাল থেকে পারপেন্ডিকুলার পর্যন্ত। ৩ সেল বিশিষ্ট ৩৯০০ এমএএইচ ব্যাটারিটি সাত ঘণ্টা কাজ চলার নিশ্চয়তা দিবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট আলট্রাবুক চালিয়ে দেখার পর একে আকৃতি অপেক্ষা অত্যন্ত হালকা, স্ক্রিনটি উজ্জ্বল এবং ঝকঝকে এবং কিবোর্ডটি আরামদায়ক বলে জানিয়েছে। এছাড়া কর্ম দক্ষতা ও নির্মাণ মানও উন্নত বলে উল্লেখ করে।

নভেম্বর এর শেষে আলট্রাবুকটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে এমএসআই মূল্য $১০৯৯ মার্কিন ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে।