ত্রিমাত্রিক পর্দা বিশিষ্ট স্যামসাংয়ের গেমিং ল্যাপটপ

(প্রিয় টেক) স্যামসাংয়ের প্রথম গেমিং ল্যাপটপটি আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে তাহলে কোন সমস্যা নেই প্রতিষ্ঠানটি এবার এর নতুন সংস্করণ বের করেছে। প্রতিষ্ঠানটির 'স্যামসাং টুমরো' ব্লগ পেজে এখন স্থান করে নিয়েছে হলুদ রঙা সিরিজ সেভেন ইয়েলো থ্রিডি নামক মডেলটি।
নতুন সংস্করণের পরিবর্তনটি প্রধানত জিপিইউ এবং সিপিইউ কেন্দ্রিক। হলুদ রঙের এই গেমিং ল্যাপটপে এখন শক্তি দিচ্ছে ইন্টেলের তৃতীয় প্রজন্মের কোর আই ৭-৩৬১০ কিউএম প্রসেসর, গেমিং গ্রাফিক্স দিচ্ছে এএমডির র্যাডিওন এইচডি ৭৮৭০এম। গ্রাফিক্স কার্ডটি ডাইরেক্ট এক্স ১১.১ সমর্থন করায় ল্যাপটপটির গেমের গ্রাফিক্স আগের চাইতে অনেক ভালো বলে জানিয়েছে স্যামসাং।
১৪.৩" স্ক্রিনের উজ্জ্বলতাও বাড়ানো হয়েছে। ল্যাপটপটিতে রয়েছে 'সুপারব্রাইট' শ্রেণির ৪০০নিট ত্রিমাত্রিক লেড পর্দা। স্টোরেজ হিসেবে পাচ্ছেন ১ টেরাবাইট হার্ডড্রাইভ এবং অপারেটিং সিস্টেমের জন্য ১২৮ গিগাবাইট এসএসডি।

আন্তর্জাতিক বাজারে কবে এই ল্যাপটপটি পাওয়া যাবে সে সম্পর্কে কোন তথ্য প্রদান না করলেও কেউ যদি কোরিয়ায় বসবাস করেন বা ঈদের ছুটিতে কোরিয়া ভ্রমণ করার চিন্তা করে থাকেন তাহলে জেনে রাখুন ল্যাপটপটি ১৪ অগাস্ট থেকে স্যামসাং স্টোরে পাওয়া যাবে। মূল্য খুব একটা বেশি নয় মাত্র ২.৯৯ মিলিয়ন ওন বা $২,৬৪৩ মার্কিন ডলার।



















