হারিক্যান স্যান্ডির আঘাতে জিমেইল আক্রান্ত

A.I.Sajib's picture

হারিক্যান স্যান্ডি যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেটেরই কেবল বেহাল দশা করে ছেড়ে দেয়নি, তৈরি করেছে ইন্টারনেট জগতেও ব্যাপক সমস্যা। প্রচুর ওয়েবসাইট স্যান্ডির আঘাতে ডাউন ছিল। কিন্তু এর প্রভাব যে গুগলের জনপ্রিয় ইমেইল সেবা জিমেইলেও পড়বে, তা হয়তো কেউই ভাবেনি।

বুধবার নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের প্রচুর ব্যবহারকারী জিমেইলে ঢুকতে পারেননি। এই সময় জিমেইল ছাড়াও গুগল চ্যাট, গুগল হ্যাংআউট, গুগল রেডার ও গুগল ড্রাইভে ঢোকা যাচ্ছিল না।

এ বিষয়ে গুগল জানিয়েছে, তাদের প্রায় ১০ শতাংশ ব্যবহারকারী বুধবার বিকেলে টানা ৬ মিনিটের জন্য গুগলের সেবায় ঢুকতে পারেননি। তবে হাফিংটন পোস্ট জানিয়েছে, যারা জিমেইলে ঢুকতে না পেরে গুগলের অফিসে ফোন করেছেন, তাদের গুগলের কাস্টোমার ম্যানেজাররা জানিয়েছেন, সেসব ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ নিউ ইয়র্ক হয়ে রাউট হয় বলে কিছুক্ষণের জন্য তা কাজ করছিল না।

এছাড়াও গুগল সেসব ব্যবহারকারীদের আরও বলেছে, এই সমস্যা আগামী কয়েক দিনের মধ্যে আবারও হতে পারে যদিও তারা তা ঠেকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে এই পূর্ব সতর্কতা গুগল তাদের অানুষ্ঠানিক বিবৃতিতে দেয়নি।

গুগলের মতে, এই সময় হাজার হাজার ব্যবহারকারী গুগলের সেবায় ঢুকতে না পারলেও তাদের সংরক্ষিত তথ্য নিরাপদই আছে। ব্যবহারকারীদের ডিভাইস কেবল গুগলের ডাটাসেন্টারের সঙ্গে সংযুক্ত হতে পারছিল না, যার জন্য দায়ী হারিক্যান স্যান্ডির তাণ্ডব।